আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দেখতে চাই: ক্যাব সভাপতি
- আপডেট: ০৬:০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ১০২৪৫ বার দেখা হয়েছে
আইন ভেঙে বাণিজ্য মন্ত্রণালয়কে না জানিয়ে ভোজ্যতেলের দাম বাড়ানোর ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকারের কঠোর ব্যবস্থা দেখার অপেক্ষায় রয়েছেন কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি, অবসরপ্রাপ্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান।
বুধবার (৩ ডিসেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। তিনি বলেন, ‘আজকে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে অত্যাবশ্যকীয় পণ্য আইন নিয়ে মিটিং ছিল। এ আইন অনুযায়ী কিছু পণ্যের মূল্য মন্ত্রণালয় নির্ধারণ করে দেয়। মূল্য নির্ধারণের একটি ফর্মুলা রয়েছে।’
ক্যাব সভাপতি আরও বলেন, ‘আমরা জানি মঙ্গলবার (২ ডিসেম্বর) হঠাৎ করে ভোজ্যতেলের দাম ৯০ টাকার বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে। রিফাইনারি অ্যাসোসিয়েশন যদি মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ না করে দাম বাড়ায়, সেটি আইনের ব্যত্যয়।’
তিনি উল্লেখ করেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া দাম বাড়ানো হলে তা ভোক্তার অধিকারের প্রশ্ন। আমরা সরকারের কঠোর ব্যবস্থা দেখার অপেক্ষায় আছি। প্রতিযোগিতা আইন ও ভোক্তা অধিকার আইনের আওতায় যদি কেউ মজুত করে দাম বাড়ায়, আইন প্রয়োগের ব্যবস্থা রয়েছে।’
সফিকুজ্জামান বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আজ থেকে অপারেশনে নামছে এবং বাজারে ব্যত্যয় কোথায় হয়েছে তা পর্যবেক্ষণ করবে। সরকারের উচিত নিত্যপণ্যের বাজার ব্যবস্থাপনায় আরও ফোকাস করা।’
ঢাকা/এসএইচ




































