ওয়ালটনের প্রস্তাবিত একীভূতকরণের সময়সূচি ঘোষণা
- আপডেট: ১২:০৭:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / ১০১৭২ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি প্রস্তাবিত একীভূতকরণ (মার্জার) সংক্রান্ত রেকর্ড ডেট ও অতিরিক্ত সাধারণ সভার (ইজিএম) সময়সূচি ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে, ২০২৬ সালের ১৫ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ডব্লিউডিআইএল) এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি (ডব্লিউএইচআইপিএলসি)-এর একীভূতকরণে অনাপত্তিপত্র (নো অবজেকশন লেটার) সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছিল।
পরবর্তীতে, ২০২৬ সালের ৯ এপ্রিল বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ (কোম্পানি ম্যাটার নং-৩১৮/২০২৬) প্রস্তাবিত মার্জার সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় কিছু নির্দেশনা প্রদান করে। ওই নির্দেশনা অনুসরণে ওয়ালটন হাইটেকের পরিচালনা পর্ষদ ১১ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত ৫০তম সভায় এক্সট্রা-অর্ডিনারি জেনারেল মিটিং (ইজিএম) এবং পাওনাদারদের সভার সময়সূচি চূড়ান্ত করে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, ইজিএমে অংশগ্রহণের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ মে ২০২৬। আর শেয়ারহোল্ডারদের অনুমোদন গ্রহণের লক্ষ্যে ইজিএম অনুষ্ঠিত হবে ২১ মে ২০২৬ সকাল ১১টায়, যা ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজন করা হবে।
কোম্পানিটি জানিয়েছে, হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সব অনুমোদন পাওয়া সাপেক্ষে এই প্রস্তাবিত একীভূতকরণ কার্যকর হবে।
ঢাকা/এসএইচ



































