কক্সবাজারে পাঁচ লাখ জাল টাকা ও সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার
- আপডেট: ০৩:৪৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
- / ১০২৫২ বার দেখা হয়েছে
ঈদুল ফিতরকে সামনে রেখে স্থানীয় জনসাধারণ ও রোহিঙ্গা ক্যাম্পের বিপুল জনসংখ্যাকে টার্গেট করে কক্সবাজারে সক্রিয় হয়ে উঠেছে জাল টাকা তৈরির চক্র। জেলার রামু উপজেলায় জাল টাকা তৈরির সময় সরঞ্জাম ও পাঁচ লাখ টাকা সমপরিমাণ জাল টাকাসহ এক যুবককে গ্রেপ্তর করার তথ্য জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ শনিবার (৭ মার্চ) দুপুরে জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল শুক্রবার (৬ মার্চ) দুপুর দেড়টার দিকে রামু ফতেখাঁরকুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম মেরংলোয়া আমতলিয়া পাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে সেই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোহাম্মদ ইমরান (২৩) যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকার লুৎফর রহমানের ছেলে।
ওসি জানান, আমতলিয়া পাড়ার বাবুল বড়ুয়ার বাড়িতে ভাড়া থেকে জাল টাকা তৈরি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের সময় ঘর থেকে এক হাজার ও পাঁচশ টাকার নোট মিলিয়ে প্রায় পাঁচ লাখ জাল টাকা এবং টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে কক্সবাজার সদর মডেল থানার মাধ্যমে শনিবার আদালতে প্রেরণ করা হয়। পরে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান ওসি মছিউর রহমান।
ঢাকা/এসএইচ



































