কোটি টাকার অনিয়মে লাখ টাকার জরিমানা: বিচারের নামে প্রহসন!
- আপডেট: ০২:৫৯:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / ১০২৯৫ বার দেখা হয়েছে
দেশের পুঁজিবাজার, যেখানে লাখো সাধারণ বিনিয়োগকারী তাদের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করে ভবিষ্যতের স্বপ্ন গড়ে তোলেন- সেই বাজারের ভীত যখন নড়বড়ে হয়ে যায়, তখন শুধু একটি কোম্পানির অনিয়ম নয়, পুরো ব্যবস্থাটাই প্রশ্নের মুখে পড়ে। সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক তালিকাভুক্ত কোম্পানি ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিরুদ্ধে গৃহীত শাস্তিমূলক ব্যবস্থা সেই প্রশ্নকেই আরও জোরালো করে তুলেছে। কাগজে-কলমে এটি একটি ‘এনফোর্সমেন্ট অ্যাকশন’, কিন্তু বাস্তবতায় এটি কি সত্যিই শাস্তি- নাকি কেবল দায়সারা একটি প্রশাসনিক প্রহসন?
প্রায় ২ কোটি টাকার গোপন রিলেটেড পার্টি লেনদেন, যা সরাসরি বিনিয়োগকারীদের সাথে প্রতারণার শামিল- সেটি প্রমাণিত হওয়ার পরও যদি সর্বোচ্চ শাস্তি হয় মাত্র ৫ লাখ টাকা, তাহলে সেটি নিঃসন্দেহে বিচার নয়, বরং এক ধরনের বৈধতা প্রদান। এটি এমন এক দৃষ্টান্ত, যেখানে অপরাধের গুরুত্ব আর শাস্তির মাত্রার মধ্যে ভয়াবহ বৈষম্য স্পষ্ট হয়ে ওঠে। প্রশ্ন জাগে- এই শাস্তি কি অপরাধ দমনের জন্য, নাকি অপরাধকে ‘ম্যানেজেবল ঝুঁকি’ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য?
আরও পড়ুনঃ ইনডেক্স অ্যাগ্রোর ‘লাভের গল্প’: আটকে গেছে শ্রমিকদের পাওনা!
জানা গেছে, বিএসইসির একটি বিশেষ পরিদর্শন দল ইনডেক্স অ্যাগ্রোর প্রধান কার্যালয়সহ চারটি কারখানায় সরেজমিনে তদন্ত চালায়। তাদের প্রতিবেদনে প্রধানত দুটি বড় ধরনের আইন লঙ্ঘনের বিষয় উঠে এসেছে। যেখানে কোম্পানিটি তার সহযোগী প্রতিষ্ঠান ‘ইনডেক্স কনস্ট্রাকশন লিমিটেড’-এর সাথে প্রায় ২ কোটি টাকার লেনদেন করেছে। নিয়ম অনুযায়ী, এমন লেনদেন বার্ষিক প্রতিবেদনে প্রকাশ করা বাধ্যতামূলক হলেও ইনডেক্স অ্যাগ্রো তা করেনি।
তদন্তে দেখা যায়, ইনডেক্স অ্যাগ্রোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক উভয়ই ইনডেক্স কনস্ট্রাকশনের পরিচালনা পর্ষদে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। আন্তর্জাতিক হিসাবমান অনুযায়ী এটি একটি গুরুত্বপূর্ণ ‘রিলেটেড পার্টি’ লেনদেন, যা বিনিয়োগকারীদের জানানো জরুরি ছিল।
নিয়ন্ত্রক সংস্থার মতে, এ ধরনের তথ্য গোপন করা বিনিয়োগকারীদের জন্য বিভ্রান্তিকর এবং এটি সিকিউরিটিজ আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া কোম্পানির অভ্যন্তরীণ প্রশাসনিক কাঠামো এবং হিসাব রক্ষণেও বেশ কিছু অসংগতি পাওয়া গেছে। শুনানিতে কর্মকর্তাদের দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় কমিশন এই জরিমানার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।
বিএসইসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজে গোপন সংশ্লিষ্ট পক্ষের (রিলেটেড পার্টি) লেনদেন এবং অভ্যন্তরীণ শাসন ব্যবস্থায় বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় কোম্পানির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে জরিমানা করা হয়েছে।
আরও পড়ুনঃ আর্থিক লেনদেনে ইনডেক্স অ্যাগ্রোর ভয়াবহ অনিয়ম!
এর মধ্যে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাহিন বিন মাজহারকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ইকবাল আহমেদ এবং কোম্পানি সেক্রেটারি আবু জাফর আলীকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। বিএসইসির একটি পরিদর্শন দল কোম্পানিটির কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করতে চারটি কারখানা ও প্রধান কার্যালয় পরিদর্শন করে। এ সময় বিভিন্ন সময়ে কোম্পানির জমা দেওয়া নথি ও রেকর্ডও পরীক্ষা করা হয়, যাতে নিয়ন্ত্রক ও হিসাববিধি মানা হয়েছে কিনা তা যাচাই করা যায়।
পরিদর্শনে দেখা যায়, ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ও ইনডেক্স কনস্ট্রাকশন লিমিটেডের মধ্যে প্রায় ২ কোটি টাকার একটি রিলেটেড পার্টি লেনদেন হয়েছে। তদন্তে আরও জানা যায়, ইনডেক্স অ্যাগ্রোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক উভয়েই ইনডেক্স কনস্ট্রাকশনের পরিচালনা পর্ষদের সঙ্গেও যুক্ত। ফলে আন্তর্জাতিক হিসাবমান (ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড) অনুযায়ী এ ধরনের লেনদেন প্রকাশ করা বাধ্যতামূলক ছিল। তবে ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই ২ কোটি টাকার লেনদেন প্রকাশ করা হয়নি বলে বিএসইসি জানিয়েছে। ফলে এটি হিসাববিধি লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়েছে।
একটি তালিকাভুক্ত কোম্পানি যখন ইচ্ছাকৃতভাবে রিলেটেড পার্টি লেনদেন গোপন করে, তখন সেটি কেবল হিসাববিধি লঙ্ঘন করে না; এটি বাজারের নৈতিক কাঠামোকেই আঘাত করে। এটি এমন এক প্রতারণা, যেখানে বিনিয়োগকারীদের অন্ধকারে রেখে ভেতরে ভেতরে স্বার্থসংশ্লিষ্ট লেনদেন চালানো হয়। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এটি গুরুতর অপরাধ, যার জন্য অনেক দেশে বড় অংকের জরিমানা, ব্যবস্থাপনা অপসারণ এমনকি ফৌজদারি মামলার নজিরও রয়েছে। অথচ আমাদের বাস্তবতায়, সেই অপরাধের শাস্তি দাঁড়িয়েছে কয়েক লাখ টাকার মধ্যে, যা অনেক সময় একটি কোম্পানির দৈনন্দিন খরচের চেয়েও কম।
এই ধরনের লঘু দণ্ড আসলে একটি ভয়ংকর বার্তা দেয়-‘অনিয়ম করো, ধরা পড়লেও ভয় নেই।’ এটি একটি ক্লাসিক ‘মোরাল হ্যাজার্ড’ তৈরি করে, যেখানে অপরাধ করার প্রণোদনা বাড়ে, কমে না। কোম্পানিগুলো বুঝে যায়, কয়েক কোটি টাকার গোপন লেনদেন করলেও, যদি কখনো ধরা পড়ে, তাহলে সামান্য জরিমানা দিয়েই পার পাওয়া যাবে। এর ফলে সুশাসনের জায়গা দখল করে নেয় স্বার্থপরতা, আর স্বচ্ছতার জায়গা দখল করে নেয় অন্ধকার।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই প্রবণতা যদি অব্যাহত থাকে, তাহলে পুঁজিবাজার ধীরে ধীরে একটি ‘অবিশ্বাসের বাজারে’ পরিণত হবে। যেখানে বিনিয়োগকারীরা আর কোম্পানির আর্থিক প্রতিবেদনের ওপর আস্থা রাখতে পারবে না, নিরীক্ষা রিপোর্টকে বিশ্বাস করতে পারবে না, এমনকি নিয়ন্ত্রক সংস্থার কার্যকারিতাকেও প্রশ্নবিদ্ধ মনে করবে। একটি বাজার তখনই টিকে থাকে, যখন সেখানে আস্থা থাকে; আর যখন সেই আস্থা ভেঙে যায়, তখন সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয় সাধারণ বিনিয়োগকারীরা- যারা তথ্যের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেয়, কিন্তু সেই তথ্যই যদি বিকৃত বা গোপন করা হয়, তাহলে তাদের বিনিয়োগ হয়ে ওঠে এক ধরনের জুয়া।
এখানে নিরীক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাও সমানভাবে প্রশ্নবিদ্ধ। যখন অডিট রিপোর্টে বলা হয় কোনো রিলেটেড পার্টি লেনদেন হয়নি, অথচ বাস্তবে তা প্রমাণিত হয়, তখন সেটি কেবল একটি ভুল নয়- এটি একটি গুরুতর পেশাগত ব্যর্থতা, যা পুরো আর্থিক প্রতিবেদন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে ধ্বংস করে দেয়। যদি নিরীক্ষকরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন না করেন, আর নিয়ন্ত্রক সংস্থা সেই ব্যর্থতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেয়, তাহলে পুরো সিস্টেমটাই হয়ে পড়ে ভঙ্গুর।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ কমিশন (বিএসইসি) একটি সাংবিধানিকভাবে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যার দায়িত্ব শুধু আইন প্রয়োগ নয়, বরং বাজারে একটি ন্যায্য ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করা। কিন্তু যখন তাদের শাস্তিমূলক ব্যবস্থা এতটাই লঘু হয় যে তা অপরাধ দমনের পরিবর্তে অপরাধকে উৎসাহিত করে, তখন সেই দায়িত্ব পালনের প্রশ্ন উঠতেই পারে। এটি শুধু একটি কোম্পানির ইস্যু নয়; এটি একটি বৃহত্তর সংকটের প্রতিচ্ছবি, যেখানে নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট হয়ে উঠছে।
এই পরিস্থিতিতে প্রয়োজন একটি মৌলিক পরিবর্তন- একটি শক্ত অবস্থান, যেখানে অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হবে। জরিমানার অংক এমন হতে হবে, যা অপরাধের তুলনায় যথেষ্ট বড়, যাতে তা একটি বাস্তবিক ডিটারজেন্ট হিসেবে কাজ করে। প্রয়োজনে কোম্পানির পরিচালনা পর্ষদে পরিবর্তন আনতে হবে, দায়ী কর্মকর্তাদের অপসারণ করতে হবে, এমনকি গুরুতর ক্ষেত্রে ফৌজদারি ব্যবস্থাও বিবেচনা করতে হবে। শুধু আর্থিক জরিমানা দিয়ে এই ধরনের অনিয়ম বন্ধ করা সম্ভব নয়।
একইসঙ্গে, নিরীক্ষা প্রতিষ্ঠানের জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে। যারা ভুল বা বিভ্রান্তিকর অডিট রিপোর্ট দেয়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের দায়িত্বহীনতা দেখানোর সাহস না পায়। কারণ একটি দুর্বল অডিট সিস্টেম মানে একটি অন্ধ বাজার- যেখানে সত্য গোপন থাকে, আর মিথ্যা হয়ে ওঠে বাস্তবতা।
আজ সময় এসেছে কঠিন প্রশ্ন করার- এই বাজার কার জন্য? যদি এটি শুধুই কিছু প্রভাবশালী গোষ্ঠীর স্বার্থ রক্ষার ক্ষেত্র হয়ে দাঁড়ায়, তাহলে সাধারণ বিনিয়োগকারীদের জন্য এখানে কোনো জায়গা নেই। কিন্তু যদি এটি একটি ন্যায্য, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক বাজার হিসেবে গড়ে তুলতে হয়, তাহলে নিয়ন্ত্রক সংস্থাকে তার অবস্থান শক্ত করতে হবে, আপসের জায়গা থেকে বেরিয়ে আসতে হবে।
বিএসইসির প্রতি আহ্বান, আপনারা শুধু আইন প্রয়োগকারী নন, আপনারা এই বাজারের অভিভাবক। আপনারা যদি দুর্বল হন, তাহলে পুরো বাজার দুর্বল হয়ে পড়বে। তাই সময় এসেছে উদাহরণ তৈরি করার, যেখানে অনিয়ম করলে তার মূল্য দিতে হবে, এবং সেই মূল্য এতোটাই কঠিন হবে যে কেউ দ্বিতীয়বার সেই পথে হাঁটার সাহস না পায়। অন্যথায়, আজকের এই ‘লঘু দণ্ড’ আগামী দিনের বড় বিপর্যয়ের বীজ বপন করবে- একটি বাজার, যেখানে আস্থা থাকবে না, স্বচ্ছতা থাকবে না, আর থাকবে শুধু অনিশ্চয়তা। আর সেই অনিশ্চয়তার সবচেয়ে বড় শিকার হবে সাধারণ বিনিয়োগকারীরা- যারা বিশ্বাস করে, কিন্তু প্রতিবারই প্রতারিত হয়।
লেখক: সম্পাদক, বিজনেস জার্নাল
ইমেইল: hasankabirjony@gmail.com


































