ঝুঁকি বুঝে সঞ্চয়ের একটি অংশ সচেতন বিনিয়োগ করুন: বিএসইসি চেয়ারম্যান
- আপডেট: ০৬:০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
- / ১০৫০৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি) এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস(বিএএসএম) এর যৌথ উদ্যোগে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে নোয়াখালী জেলাতে আয়োজিত হয় ‘বিনিয়োগ শিক্ষা কনফারেন্স ২০২২’। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ‘বুঝেশুনে বিনিয়োগ করে সব বাজারেই লাভ করা যায়। বিনিয়োগের ঝুঁকি বুঝে সঞ্চয়ের একটি অংশ সচেতন বিনিয়োগ করুন’।
আজ শনিবার (১৯ নভেম্বর) নোয়াখালি জেলার মাইজদীর দত্তেরহাটে অবস্থিত নোয়া কনভেনশন সেন্টার অ্যান্ড হোটেলে আয়োজিত কনফারেন্স তিনি এ কথা বলেন।
আমাদের দেশের অর্থনীতি এই করোনা মহামারির মধ্যেও একটা অবস্থান ধরে রাখতে পেরেছে সেটা অনেক বড় প্রাপ্তি আমাদের জন্য। আমাদের পুঁজিবাজার অনেক সম্ভাবনাময় জায়গা। আপনারা প্রতিটি কোম্পানির প্রাইস আর্নিং রেশিওটা দেখে বিনিয়োগ করেন দেখবেন লোকসান হবে না। আপনি বুঝে বিনিয়োগ করলে উঠতি মার্কেটে যেমন লাভবান হওয়া যায় তেমনি নামতি মার্কেটও লাভ করা যায় বলে মন্তব্য করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
শিবলী রুবাইয়াত-উল ইসলাম বলেন, পুঁজিবাজারে রিস্কি বিনিয়োগ যেমন আছে তেমনি রিস্ক ফ্রি বিনিয়োগও আছে। আপনার আয়ের টাকাটা বিনিয়োগ শিক্ষা নেওয়ার পাশাপাশি যদি পুঁজিবাজারে বিনিয়োগ করেন তাহলে লাভবান হওয়া যায়। বুঝে শুনে বিনিয়োগ করে সব বাজারেই লাভ করা যায়। বিনিয়োগের ঝুঁকি বুঝে সঞ্চয়ের একটি অংশ সচেতন বিনিয়োগ করুন। আপনারা যাতে শেয়ারবাজার থেকে লাভবান হয়ে বের হতে পারেন আমরা সেই প্রত্যাশা করবো।
তিনি আরো বলেন, বাংলাদেশ নিম্ন মধ্যম থেকে মধ্যম আয়ের দেশ হওয়ার মাধ্যমে উন্নয়নের পথে রয়েছে এবং এই অগ্রগতিকে আরো এগিয়ে নিতে আমাদের কয়েকশো বিলিয়ন ডলার দরকার। এর সবটাই শুধু বাংলাদেশ থেকে পাওয়া সম্ভব নয়। সেই প্রেক্ষিতে দেশের ব্যান্ডিং এবং সুনাম তৈরির প্রয়োজনের কথা তুলে ধরে তিনি বলেন, বৈদেশিক বিনিয়োগের আকৃষ্টের মাধ্যমে দেশের বাজারে বিনিয়োগ আনতে হবে। আপনাদের বিনিয়োগ থেকেই ব্যবসা-বাণিজ্যের প্রসার ও শিল্পায়নের মাধ্যমে দেশের দেশের উন্নয়ন হবে।
তিনি বাংলাদেশের সোনালী ভবিষ্যতের আশাবাদ ব্যক্ত করেন এবং দেশ পরিচালনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন।
কনফারেন্সে স্বাগত বক্তব্য রাখেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। এরপর প্রবন্ধ উপস্থাপন করের বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম।
আরও পড়ুন: পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় আমাদের পুঁজিবাজারের পিই অনেক কম: শেখ শামসুদ্দিন
প্রথম অধিবেশনে প্যানেল আলোচনায় অংশ নেন বিএএসএম এর মহাপরিচারক ড. তৌফিক আহমেদ চৌধুরী, মোহাম্মদ সামস্উদ্দীন খালেদ, ডিএসইর পরিচালক শাকিল রিজভী, আইল্যান্ড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন এফসিএমএ, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসানুর রহমান এবং ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও।
ঢাকা/এসএ


































