নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন ড. নাসিমুল গনি
- আপডেট: ১২:৪৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০২১২ বার দেখা হয়েছে
বিএনপির নেতৃত্বে বাংলাদেশের সরকার গঠনের প্রস্তুতির মধ্যে নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে ১৪ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের চুক্তিতে থাকা মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল করে নতুন সরকার গঠনের প্রস্তুতির মধ্যে নিয়োগ দেওয়া হয়েছিল প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে।
আজ আবার সেই প্রজ্ঞাপন বাতিল করে নাসিমুল গনিকে নতুন সরকারের মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।এর আগে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর নাসিমুল গনি সিনিয়র সচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। তিনি বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। বাংলাদেশের সিভিল সার্ভিসে ১৯৮২ ব্যাচ অন্যতম মেধাবী ব্যাচ হিসেবে পরিচিত। ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের ১৪২ জনের মেধা তালিকায় জনাব নাসিমুল গনির অবস্থান ছিল ষষ্ঠ।
ঢাকা/এসএইচ


































