পুঁজিবাজার সংস্কারে জামায়াতের অঙ্গীকার: স্বাগত জানালো ডিবিএ
- আপডেট: ০৭:১৩:০১ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০২১২ বার দেখা হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত নির্বাচনী ইশতেহারে পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কার পরিকল্পনা অন্তর্ভুক্ত করায় দলটিকে ধন্যবাদ জানিয়েছে ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। রাজনৈতিক দলগুলোর ইশতেহারে পুঁজিবাজারের স্থান পাওয়া দেশের অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত বলে মনে করছেন ডিবিএ।
জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহারে পুঁজিবাজার সংস্কার ও উন্নয়নমূলক পরিকল্পনা অন্তর্ভুক্ত করায় সন্তোষ প্রকাশ করেছে পুঁজিবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।
বুধবার (৪ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর ২৬ দফা নির্বাচনী ইশতেহারে ঘোষণায় পুঁজিবাজার নিয়ে তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্টে উল্লেখ করা হয়েছে:
১. কারসাজি রোধ: শেয়ারবাজারে সব ধরনের অনিয়ম ও কারসাজি বন্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ।
২. আস্থা পুনরুদ্ধার: বিনিয়োগকারীদের আস্থাহীনতা দূর করে বাজারকে গতিশীল ও কার্যকর করা।
৩. বিচারের আওতায় আনা: অতীতে শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।
রোববার (৮ ফেব্রুয়ারি) সংগঠনটির সভাপতি সাইফুল ইসলাম এক আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি দলের আমীর ডা. শফিকুর রহমানসহ শীর্ষ নীতিনির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাইফুল ইসলাম বলেন, অতীতে রাজনৈতিক দলগুলো পুঁজিবাজারকে যথাযথ গুরুত্ব দেয়নি। দীর্ঘদিন ধরে ডিবিএ সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক, সভা ও সেমিনারের মাধ্যমে পুঁজিবাজারকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত হিসেবে স্বীকৃতি দেওয়া এবং নীতিগত সহায়তা প্রদানের দাবি জানিয়ে আসছে। এই প্রথম রাজনৈতিক দলগুলো পুঁজিবাজারকে বিশেষ গুরুত্ব দিয়ে নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করেছে এবং এ খাতের সংস্কার ও উন্নয়ন নিয়ে সুস্পষ্ট পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করেছে। জামায়াতে ইসলামীর ইশতেহারে পুঁজিবাজার অন্তর্ভুক্তির মাধ্যমে ডিবিএ’র দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে।
ডিবিএ আশা প্রকাশ করেছে, ঘোষিত ইশতেহারের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে পুঁজিবাজারের টেকসই উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, বাজারে আস্থা পুনরুদ্ধার এবং সামগ্রিক গতিশীলতা আরও ত্বরান্বিত হবে।
ঢাকা/এসএইচ




































