ষড়যন্ত্র করলে তার প্রতিবাদও করতে জানি: প্রধানমন্ত্রী
- আপডেট: ০২:২৪:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
- / ১০৫১০ বার দেখা হয়েছে
আমাদের সহযোগিতা করলে যেমন সম্মান, আবার ষড়যন্ত্র করলে তার প্রতিবাদও করতে জানেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার (১৮ ডিসেম্বর) আওয়ামী লীগের আয়োজিত মহান বিজয় দিবসের বিশেষ আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যারা মনে করে, বাঁশিতে ফু দিল আর দেশে স্বাধীন হয়ে গেলো। এদের আসলে ভূগোল ও ইতিহাসের জ্ঞান আছে কি না সন্দেহ আছে। একটা সংগ্রামের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে। একটা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল জাতির পিতার নেতৃত্বে। এ বাংলাদেশকে নিয়ে জাতির পিতার যে স্বপ্ন ছিল- কীভাবে দেশটা সাজাবেন, প্রতিটি মানুষের জীবনমান উন্নত করবেন, এ জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, একাত্তরে মার্কিন সরকার পাকিস্তানের পক্ষে থাকলেও তাদের জনগণ আমাদের পক্ষে ছিল। আমাদের সহযোগিতা করেছে। আমরা পরে তাদের সম্মানিত করেছি। আমাদের সহযোগিতা করলে যেমন সম্মান জানাই, আবার আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তার প্রতিবাদও করতে জানি।
সরকার উৎখাতের আন্দোলনে বাম-ডান মিলেছে, সেদিকে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, কোথায় বামপন্থি আর কোথায় ডানপন্থি। যারা বামপন্থি তারা ৯০ ডিগ্রি ঘুরে গেছে। বাম, স্বল্পবাম ও অতিবাম সবাই এখন জামায়াত-বিএনপির সঙ্গে মিলে গেছে। এ জন্যই বলা হয়, কী বিচিত্র বাংলাদেশ! যারা ১০ ট্রাক অস্ত্র মামলা, দেশের টাকা পাচার, এতিমের টাকা আত্মসাৎ করার মামলায় সাজাপ্রাপ্ত আসামির নেতৃত্বে বড় বড় তাত্ত্বিকরা এক হয়ে যায় কীভাবে? সেটাই আমার প্রশ্ন। কোথায় গেলো তাদের আদর্শ?
তিনি বলেন, পঁচাত্তরের পরে যারাই ক্ষমতায় এসেছে, তারা চেয়েছে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে। মুক্তিযুদ্ধের চেতনা ধুলোয় মিশিয়ে দিতে চেয়েছিল।
ঢাকা/টিএ





































