সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন সুফিয়া বেগম
- আপডেট: ০৭:০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / ১০১৮২ বার দেখা হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জুলাই-আগস্ট আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা নেত্রী সুফিয়া বেগম।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর আগে একই দিন সকাল ১১টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দলীয় সূত্রে জানা যায়, তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা সাহসী ও পরীক্ষিত নারী নেত্রী সুফিয়া বেগম বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, কুমিল্লা উত্তর জেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে দেবিদ্বার উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সুফিয়া বেগম দীর্ঘ রাজনৈতিক পথচলায় হামলা-মামলা ও নানা প্রতিকূলতা মোকাবিলা করে নিজেকে একজন জননেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর সুফিয়া বেগম বলেন, কুমিল্লা-৪ আসন থেকে আমি ফরম নিয়েছি। আমি আশাবাদী, চূড়ান্তভাবে মনোনীত হব। দেবিদ্বার আসনে আমাদের দলীয় সাংসদ না থাকায় সাধারণ মানুষের ইচ্ছার প্রতিফলন হিসেবেই এই মনোনয়ন ফরম নেওয়া হয়েছে। আশা করি দল আমাকে সংরক্ষিত আসনে মনোনীত করবে।
তিনি আরও বলেন, দেশনেত্রী খালেদা জিয়া-র মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আন্দোলনে অংশ নিয়ে ২০২৩ সালে জেলা বিএনপির পদযাত্রায় পুলিশের গুলি ও লাঠিচার্জে আহত হই। বিস্ফোরক মামলাসহ একাধিক মামলার আসামি হয়েও দলের কার্যক্রম অব্যাহত রেখেছি।
সুফিয়া বেগম জানান, ছাত্র আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক কর্মসূচিতে সক্রিয় থেকে তিনি নিহত ও আহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং মিথ্যা মামলায় হয়রানির শিকার নেতাকর্মীদের সহযোগিতা করে আসছেন।
ঢাকা/এসএইচ








































