স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের সিইও হলেন পারভেজ সাইফুল ইসলাম
- আপডেট: ০৫:৩৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০১৮৩ বার দেখা হয়েছে
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের (এসএফবিএল) চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. পারভেজ সাইফুল ইসলাম। সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত কোম্পানির বার্ষিক সেলস কনফারেন্সে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।
এফএমসিজি খাতে দীর্ঘ ও বর্ণাঢ্য অভিজ্ঞতাসম্পন্ন মো. পারভেজ সাইফুল ইসলাম এর আগে একই প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে গণমাধ্যমকে জানানো হয়েছে।
কক্সবাজারে অনুষ্ঠিত ওই সম্মেলনে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড তাদের ২৫ বছর পূর্তি এবং টানা সপ্তমবারের মতো বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের সাফল্য উদ্যাপন করে। প্রতিষ্ঠানটির এই সফল যাত্রায় মো. পারভেজ সাইফুল ইসলামের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।
পদোন্নতি প্রসঙ্গে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী বলেন, মো. পারভেজ সাইফুল ইসলামের সুযোগ্য নেতৃত্বে প্রতিষ্ঠানটি দেশের বাজারে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে এবং আন্তর্জাতিক বাজারেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবে।
দুই দশকেরও বেশি সময়ের কর্মজীবনে মো. পারভেজ সাইফুল ইসলাম সেলস ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন অপ্টিমাইজেশন ও বিজনেস স্কেলিং–এ একজন কৌশলী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। রাঁধুনী, রুচি ও চাষী—এই জনপ্রিয় ব্র্যান্ডগুলোর ধারাবাহিক প্রবৃদ্ধি ও সাফল্যে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তার এই পদোন্নতিকে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে, যার মাধ্যমে তিনি টেকসই উদ্ভাবন ও বিশ্ববাজারে সম্প্রসারণ–এর লক্ষ্যে প্রতিষ্ঠানটিকে নেতৃত্ব দেবেন।
ঢাকা/এসএইচ

































