মার্জিন রুলস ইস্যুতে অগ্রগতি জানতে চায় বিএসইসি
- আপডেট: ০৫:১৪:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- / ১০১৯৫ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে নতুন ‘মার্জিন রুলস-২০২৫’ বাস্তবায়নে সময়সীমা আরও তিন মাস বাড়ানোর অনুরোধ জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। এই আবেদনের আলোকে রুলসটি বাস্তবায়নের অগ্রগতি জানতে চেয়ে ডিবিএকে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
রবিবার (১২ এপ্রিল) বিএসইসির উপপরিচালক মো. রফিকুন্নবী স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি ডিবিএ সভাপতি সাইফুল ইসলামের কাছে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গত ৭ এপ্রিল নতুন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) রুলস-২০২৫ বাস্তবায়নে আরো ৩ মাস সময় বাড়ানোর আবেদন জানিয়ে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের কাছে চিঠি পাঠায় ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম।
বিএসইসি’র চিঠিতে জানানো হয়েছে, ‘মার্জিন রুলস-২০২৫’ বাস্তবায়নে সময়সীমা আরও তিন মাস বাড়ানোর জন্য ডিবিএ’র আবেদনটি বিএসইসি মূল্যায়ন করেছে। তবে ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য ‘কনজার্ভেটিভ পলিসি, পরিপালন করেছে ও করেনি এমন ব্রোকারের সংখ্যা, রিস্ক ম্যানেজমেন্ট কমিটি গঠন করেছে এবং করেনি এমন ব্রোকারের সংখ্যা জানা দরকার। এছাড়া সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (রিস্ক বেসড ক্যাপিটাল অ্যাডিকিউরি) রুলস, ২০১৯ পরিপালন করেছে এবং করেনি এমন ব্রোকারের সংখ্যা, আনরিয়েলাইজড লস বা নেগেটিভ ইক্যুইটির জন্য সময় বাড়াতে কত সংখ্যক ব্রোকার আবেদন করেনি- তা নির্ধারিত ফর্মেটে তিন কার্যদিবসের মধ্যে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হলো।
আরও পড়ুন: মার্জিন রুলস বাস্তবায়নে আরো ৩ মাস সময় চায় ডিবিএ
এর আগে সময় বাড়ানোর আবেদন জানিয়ে ডিবিএ জানায়, গত বছরের ১ নভেম্বর মার্জিন রুলস গেজেট আকারে প্রকাশ করা হয়। আইনটি ওইদিন থেকে ৬ মাস পর কার্যকরের সময় নির্ধারন করা রয়েছে। এ বিধিমালায় ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, বিনিয়োগকারীদের সুরক্ষা বৃদ্ধি ও সামগ্রিক বাজার স্থিতিশীলতা নিশ্চিত করতে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত প্রবর্তন করা হয়েছে।
নতুন এ বিধিমালার শর্তগুলো নির্ধারিত সময়সীমা ৬ মাসের (৩০ এপ্রিল, ২০২৬) মধ্যে বাস্তবায়ন করা পর্যাপ্ত নয় বলে মনে করে ডিবিএ নেতারা। এ কারনে সময় বাড়ানোর আবেদন করেছে ডিবিএ।
ঢাকা/এসএইচ


































