মিরপুরে জাতীয় পতাকা টানিয়ে অনুশীলন করলো পাকিস্তান
- আপডেট: ০৬:২৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
- / ১০২৯৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট খেলতে বর্তমানে বাংলাদেশ অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল। বাংলাদেশের মাটিতে পা রেখে সোমবার (১৫ নভেম্বর) প্রথম দিনের অনুশীলন সারল হাফিজ-শাহিনরা। আজ সকাল সাড়ে ১০টায় মিরপুরের একাডেমি মাঠে গা গরমের পর নেট প্র্যাকটিস করেন দলটির ক্রিকেটাররা।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
এ দিকে মিরপুরে পাকিস্তান দলের নেট প্র্যাকটিস করার সময় অভিনব একটি জিনিস ধরা পড়ে সবার চোখে। শের-ই-বাংলা একাডেমির পশ্চিম-উত্তর কোণে নেটের দুদিকে নিজেদের জাতীয় পতাকা টানিয়ে ব্যাটিং-বোলিং প্র্যাকটিস করতে থাকেন পাকিস্তানি ক্রিকেটাররা। তাদের এই পতাকা টানানো অভিনব লাগছে এই কারণে যে, বাংলাদেশে আগে কখনো কোনো সফরকারী দলকে এভাবে নিজ দেশের পতাকা টানিয়ে অনুশীলন করতে দেখা যায়নি।
পাকিস্তান শিবিরের কারও সঙ্গে কথা বলার সুযোগ না থাকায়, কেন এভাবে পতাকা টানিয়ে অনুশীলন সেই সম্পর্কে জানা যায়নি। তবে খেয়াল করে দেখা গেছে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই এভাবে নেটের দুই পাশে পতাকা টানিয়ে নেট করছেন দলটির ক্রিকেটাররা।
সদ্য সমাপ্ত বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে অনুশীলনে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি এবং মোহাম্মদ রিজওয়ানকে দেখা যায় পাকিস্তানের দুটি পতাকা কাঁধে করে নিয়ে আসতে। এরপর পতাকা দুটি অনুশীলনের মূল এলাকার পাশে পুঁতে দিয়ে খেলোয়াড়রা সেরেছিলেন প্রস্তুতি।
এরপর দলের কোচ সাকলায়েন মুশতাক ব্যাখ্যা করেন কেন ক্রিকেটাররা এভাবে জাতীয় পতাকা নিয়ে অনুশীলনে এসেছিলেন। তিনি বলেন, ‘এই দল পুরো দেশের (পাকিস্তানের) প্রতিনিধিত্ব করছে। দেখেই মনে হচ্ছে দেশের ২২ কোটি লোক যেন এক হয়ে আমাদের জন্যে গলা ফাটাচ্ছে।’
ঢাকা/এমটি









































