স্বল্প মেয়াদের কোচ নিয়ে প্রশ্ন তুললেন মাশরাফী
- আপডেট: ০৩:৩০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
- / ১০৩৪০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার অ্যালবি মরকেলকে ‘পাওয়ার-হিটিং কোচ’ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে মরকেলকে নিয়োগ দেওয়া হয়েছে মাত্র পাঁচ দিনের জন্য। এ সময়ে দক্ষিণ আফ্রিকায় কয়েকটি সেশন বাংলাদেশ দলের সঙ্গে কাজ করবেন মরকেল।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এদিকে টিম টাইগার্সের পাঁচ দিনের কোচ নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ডিপিএলকে সামনে রেখে বৃহস্পতিবার (১৭ মার্চ) মিরপুরে অনুশীলন করতে আসেন ম্যাশ। সে সময়ই গণমাধ্যমের মুখোমুখি হন নড়াইল এক্সপ্রেস।
তিনি বলেন, পাঁচ দিনের জন্য কোনো কোচ এভাবে নেওয়া যায় কি না, এটা আমার জানা নেই। যেহেতু আমাদের ব্যাটিং স্পেশালিস্ট সেখানে আছেই। আর আমাদের শট টাইম না, আমাদের দীর্ঘ সময়ের জন্য কোচ দরকার।
তবে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডকে নিয়ে নিজের সমর্থনের কথাই জানালেন ম্যাশ। তিনি বলেন, আমি মনে করি সে একজন বিশ্বসেরা বোলার ছিল। কোচিংয়েও তার অভিজ্ঞতা রয়েছে অনেক। আর তাই আমাদের খেলোয়াড়রাও তার থেকে উপকৃত হবে। এটা আমাদের বেস্ট সিলেকশন।
দক্ষিণ আফ্রিকায় আরও প্রায় চার বছর আগে বাংলাদেশ সবশেষ যে সিরিজ খেলেছিল, সে দলের ক্যাপ্টেন ছিল মাশরাফী। আর তাই টিম টাইগার্সের এবারের সফরে কোন কোন চ্যালেঞ্জ রয়েছে, সেগুলোও ভালো জানার কথা সফল এ অধিনায়কের।
ম্যাশ বলেন, চার বছর আগের আর এখনকার দলের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমরা এখন ওয়ানডেতে ভালো করছি। তবে সে সময় তাদের দলে ডি ভিলিয়ার্সরা ছিল। আমাদেরও এখন ভালো ভালো ক্রিকেটার আছে।
সাধারণত দক্ষিণ আফ্রিকার মতো কন্ডিশনে পেস বোলাররাই বেশি সুবিধা পায়। বাংলাদেশের পেস বোলিং ইউনিট নিয়ে মাশরাফী বলেন, আমাদের বর্তমান পেস ইউনিট যথেষ্ট শক্তিশালী। মুস্তাফিজ, শরিফুল ও তাসকিনরা ভালো ছন্দে আছে। এ ছাড়া স্পিনেও আমাদের সাকিব আছে। আর তাই আমি মনে করি আমাদের বোলিং ইউনিট ভারসাম্যপূর্ণ রয়েছে। উইকেট পেস সহায়ক হলে আমরাও সুবিধা পাবো।
তবে মাশরাফী এটাও বলে রাখলেন, সবকিছুই নির্ভর করছে উইকেট কেমন হয় সেটির ওপর। কারণ এখন স্বাগতিক দলগুলো ফরম্যাট অনুযায়ী নিজেদের সুবিধামতো উইকেট তৈরি করে। যেহেতু ওয়ানডে সিরিজটি স্থানীয় সময় অনুযায়ী দিনের বেলাতেই হবে, মনে হচ্ছে ব্যাটিং পিচই হতে পারে।
এদিকে মাশরাফী আরও বলেন, দক্ষিণ আফ্রিকায় সিরিজ টাফ হবে। আমাদের সেরা ক্রিকেটাররা আছে সেখানে, তারা চেষ্টা করলে ভালো হতে পারে।
ঢাকা/এসএ































