উত্থানের ধারায় শেয়ারবাজার: লেনদেন ছাড়ালো ১০৮০ কোটি টাকা
- আপডেট: ০৭:০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
- / ১০১৭৪ বার দেখা হয়েছে
ঈদের ছুটির পরও দেশের শেয়ারবাজার এ ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। মঙ্গলবার লেনদেন শেষে ঢাকা ও চট্টগ্রাম উভয় শেয়ারবাজারেই সূচকের উত্থান, লেনদেন বৃদ্ধি এবং অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর বাড়ার চিত্র দেখা গেছে। বাজারসংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ছে, যা বাজারে আস্থা ফেরার ইঙ্গিত দিচ্ছে।
মঙ্গলবার (২ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত তিন মাসের মধ্যে সূচকের সর্বোচ্চ উত্থান হয়েছে। একই সঙ্গে লেনদেনের পরিমাণও আবার হাজার কোটি টাকার ঘর অতিক্রম করেছে।
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি কিছুটা প্রশমিত হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা কমেছে। ঈদের আগ থেকেই বাজারে যে ইতিবাচক ধারা শুরু হয়েছিল, তা এখনো অব্যাহত রয়েছে। এ প্রবণতা বজায় থাকলে বাজার আরও স্থিতিশীল হতে পারে এবং নতুন বিনিয়োগকারীদের অংশগ্রহণও বাড়তে পারে। তবে বাজারের স্বাভাবিক গতি ধরে রাখতে নিয়ন্ত্রক সংস্থার কার্যকর নজরদারির ওপরও গুরুত্বারোপ করেছেন তাঁরা।
ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৩ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০৬ দশমিক ২০ পয়েন্টে। গত তিন মাসের মধ্যে এটি সূচকের সর্বোচ্চ একদিনের উত্থান। এর আগে গত ২ মার্চ ডিএসইএক্স সূচক ছিল ৫ হাজার ৫৩৪ পয়েন্ট।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ২ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৯ দশমিক ২৮ পয়েন্টে পৌঁছেছে। আর ব্লু-চিপ কোম্পানিগুলোর সূচক ডিএসই-৩০ বেড়েছে ৫ দশমিক ২০ পয়েন্ট, যা দিন শেষে ২ হাজার ৪৯ দশমিক ৭৯ পয়েন্টে অবস্থান করে।
দিনভর ডিএসইতে ৩৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার এবং ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ২৩০টির দর বেড়েছে, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত ছিল ৪৭টির।
ঢাকা/এসআর



























