৭ নভেম্বর জাতির ইতিহাসে একটি কলঙ্কময় দিন: ওবায়দুল কাদের
- আপডেট: ০৪:৫২:০৬ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
- / ১০২৮২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ৭ নভেম্বরের হত্যাযজ্ঞের ওপর ভর করে জিয়াউর রহমান ক্ষমতা পাকাপোক্ত করেছিলেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার (৭ নভেম্বর) সকালে বাসভবনে ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ করেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের বীর সেনানীদের নিষ্ঠুরভাবে যারা হত্যা করেছে তাদের বিচার প্রক্রিয়াও বন্ধ করেছিলেন জিয়া। এ জন্যই জিয়াউর রহমানের নির্দেশে ৭ নভেম্বরকে রাজনৈতিক রঙ দিয়ে জাতীয় সংহতি ও বিপ্লব দিবস হিসেবে ঘোষণা করা হয়।
তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট দিনটিকে উদযাপন করে আসছে; অথচ এটি বাঙালি জাতির ইতিহাসের একটি কলঙ্কময় দিন।
‘দেশ পরিচালনায় নতজানু হওয়ার নজির আওয়ামী লীগের নেই, বিএনপির রয়েছে’— উল্লেখ করে আওয়ামী লীগের এই অন্যতম শীর্ষ নেতা বলেন, কথায় কথায় বিদেশিদের কাছে নালিশ আর প্রকাশ্যে বিভিন্ন দূতাবাসের কাছে সাহায্য চাওয়া— বিএনপির মেরুদণ্ডহীন রাজনীতির সুস্পষ্ট বহিঃপ্রকাশ। বিএনপির কাছে দেশ নিরাপদ নয়, তাদের রাজনীতি দূরনিয়ন্ত্রিত।
আওয়ামী লীগের রাজনীতি জনগণ দ্বারা চালিত, জনমতের প্রতিফলন। ‘দেশের সব মেগাপ্রকল্প ঋণনির্ভর’— বিএনপি নেতাদের এমন বক্তব্যকে ‘মিথ্যা’ বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। এর জবাবে তিনি বলেন, বিএনপির দিনরাত মিথ্যাচারের জবাব দিতে ইচ্ছে না হলেও দু’একটি কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের বলতে হয়। কারণ তারা না জানলেও দেশের মানুষ জানে বাংলাদেশের সক্ষমতার প্রতীক পদ্মাসেতু নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করছে সরকার। আসলে তারা পদ্মাসেতু নির্মাণ বন্ধের ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল, তারা চায়নি এদেশে মেগা প্রকল্প হোক। তিনি বলেন, বিএনপির রাজনীতি উন্নয়ন বিমুখ এবং প্রতিহিংসামুখর; তারা উন্নয়ন চায় না, তারা চায় দেশ স্থবির হয়ে থাকুক। বিএনপি চায় সাম্প্রদায়িক বিষবাষ্প দেশজুড়ে ছড়িয়ে পড়ুক।
ঢাকা/এমটি






































