পরিবহন মালিক-শ্রমিকদের ওবায়দুল কাদেরের কঠোর হুশিয়ারি
- আপডেট: ০১:৫০:৪৭ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
- / ১০২৯১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, নির্ধারিত ভাড়ার চেয়ে কেশি টাকা নিলে জনস্বার্থে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। আজ সোমবার (৮ নভেম্বর) সকালে এক ব্রিফিংয়ে তিনি এ হুঁশিয়ার দেন। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া যেন যাত্রীদের থেকে কোনোভাবেই আদায় করা না হয়- এ বিষয়ে পরিবহন মালিক-শ্রমিকদের প্রতিশ্রুতির কথাও স্মরণ করিয়ে দেন তিনি। মন্ত্রী বলেন, নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা যেন যাত্রীদের কাছ থেকে কোনভাবেই আদায় করা না হয়। এ ব্যাপারে প্রতিশ্রুতি ভঙ্গ করলে জনস্বার্থে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
সেতুমন্ত্রী বলেন, দেশে কোনো ভয়ংকর পরিস্থিতি নেই। জনস্বার্থে সাম্প্রদায়িক অপশক্তি, দুর্নীতিবাজ এবং অনিয়মকারীদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। এসময় গ্যাস অকটেন ও পেট্রোল চালিত যানবাহনের ক্ষেত্রে বর্ধিত এ ভাড়া প্রযোজ্য হবে না বলেও জানান আওয়ামী লীগের এই নেতা।
এর আগে রোববার (৭ নভেম্বর) দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় পরিবহন মালিকদের দাবির মুখে বাস ভাড়া বাড়ানো হয়। রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রেক্ষাপটে গণপরিবহনে ভাড়া পুনর্নির্ধারণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠক বসেন পরিবহন মালিক সমিতির নেতারা। বৈঠক শেষে বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিআরটিএ।
ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (৭ নভেম্বর) সন্ধ্যায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা ৩৪ এর ২ এর প্রদত্ত ক্ষমতাবলে সরকার ডিজেলের মূল্য বৃদ্ধিজনিত কারণে ডিজেলচালিত বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া পুনঃনির্ধারণ করল। আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে একজন যাত্রীর জন্য প্রতি কিলোমিটার সর্বোচ্চ ভাড়া ১ টাকা ৪২ পয়সার স্থলে ১ টাকা ৮০ পয়সা করা হয়েছে।
ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটার ভাড়া যথাক্রমে ১ টাকা ৭০ পয়সার স্থলে ২ টাকা ১৫ পয়সা ও ১ টাকা ৬০ পয়সার স্থলে ২ টাকা ৫ পয়সা করা হয়েছে। বাস ও মিনিবাসের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া যথাক্রমে ৭ টাকার স্থলে ১০ টাকা ও ৫ টাকার স্থলে ৮ টাকা করা হয়েছে। ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটির (ডিটিসিএ) আওতাধীন জেলার (নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলা) ভেতরে চলাচলকারী বাস ও মিনিবাস উভয় ক্ষেত্রে একজন যাত্রীর জন্য প্রতি কিলোমিটার ১ টাকা ৬০ পয়সার স্থলে ২ টাকা ৫ পয়সা করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রস্তুতকারক বা বিআরটিএ থেকে অনুমোদিত আসন সংখ্যা কমিয়ে আরামদায়ক ভ্রমণের জন্য বাস/মিনিবাসের আসন সংখ্যা পুনর্বিন্যাস করা হলে আনুপাতিকভাবে ভাড়ার হার নির্ধারিত হবে। সেক্ষেত্রে রুট পারমিট অনুমোদনকারী কর্তৃপক্ষ (বিআরটিএ/যাত্রী ও পণ্য পরিবহন কমিটি) থেকে আনুপাতিকভাবে ভাড়ার হার অনুমোদন করিয়ে নিতে হবে। এ ভাড়া বৃদ্ধি গ্যাস, অকটেন ও পেট্রোল চালিত যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। এতে আরও বলা হয়, ডিজেল চালিত বাস ও মিনিবাসের ভাড়া নির্ধারণ সংক্রান্ত এর আগের জারি করা সকল প্রজ্ঞাপন বা আদেশ বাতিল করা হলো। জনস্বার্থে জারি করা এ ভাড়ার হার ৮ নভেম্বর থেকে কার্যকর হবে।
এর আগে গত বুধবার রাতে ডিজেলের দাম ১৫ টাকা বা ২৩ শতাংশ বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে জ্বালানি বিভাগ। বৃহস্পতিবার সকালেই পণ্যবাহী গাড়ির মালিক-শ্রমিকদের সংগঠন ধর্মঘটে যাওয়ার ডাক দেয়। জেলায় জেলায় বাস না চালানোর ঘোষণাও দেয়া হয়। কেন্দ্রীয়ভাবে বাস মালিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি বিআরটিএর কাছে ভাড়া যৌক্তিক হারে বাড়াতে আবেদন করে। সে আবেদনে লেখা ছিল, জেলায় জেলায় বাসমালিকরা বলছেন, বিদ্যমান ভাড়ায় যাত্রী পরিবহন করলে তাদের লোকসান হবে। তাই তারা বাস চালাবেন না।
ঢাকা/এমটি






































