এসএসসি পরীক্ষা শুরুর আগেই ৬ তলা থেকে লাফ দিল ওয়াসিফ
- আপডেট: ০১:৫৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
- / ১০৩২৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: রংপুরে ছয় তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে ওয়াসিফ রায়হান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। রোববার (১৪ নভেম্বর) সকালে নগরীর কেরানিপাড়ায় কারামতিয়া মসজিদ-সংলগ্ন ভাড়াবাড়িতে এ ঘটনা ঘটে।
তথ্য অনুযায়ি, নিহত ওয়াসিফ রংপুর জিলা স্কুলের শিক্ষার্থী। সে রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানার ছেলে। রংপুরে চাকরি সূত্রে ওই ভবনে তিনি পরিবারসহ বাসা ভাড়া নিয়ে থাকতেন। তাদের গ্রামের বাড়ি পঞ্চগড়ের তেঁতুলিয়ার রওশনপুর। তিনি রংপুর জিলা স্কুলের শিক্ষার্থী বলে জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হোসেন আলী। নিহতের পরিবারের বরাত দিয়ে হোসেন আলী জানান, সকাল ৭টার দিকে ওই শিক্ষার্থী আটতলা ভবনের ৬ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। ওপর থেকে নিচে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। ওয়াসিফের আজ থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
এদিকে পরিবারের কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়। এ বিষয়ে নিহতের পরিবার ও ভবনের মালিক কেউই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। এ কারণে আত্মহত্যার পৃথক কারণ জানা যায়নি।
নাম না প্রকাশের শর্তে স্থানীয় একজন ব্যবসায়ী জানান, ছয়তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই ওই শিক্ষার্থী মারা যায়। তবে এই ভবনের ছাদের চারদিক দিয়ে রেলিংও দেওয়া আছে। পিছলে পড়ে যাওয়ার মতো ছাদ নয়।
রংপুর জিলা স্কুলের শিক্ষার্থীর এই মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। এব্যাপারে রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক এ আর মিজানুর রহমান বলেন, এসএসসি পরীক্ষা শুরুর আগে এসএসসি পরীক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুর খবর শুনতে হলো।
প্রসঙ্গত,আত্মহত্যা করা মহাপাপ। মানুষ না বুঝে নিজে নিজেকে হত্যা করে থাকে। ইসলামে নিরপরাধ মানুষ হত্যা নিষিদ্ধ, আত্মহত্যাও নিষিদ্ধ। মানুষ নিজের প্রাণের মালিক নিজে নয়। প্রত্যেক প্রাণের মালিক মহান রাব্বুল আলামিন। তিনিই জীবন ও মৃত্যু দান করেন। তিনি সব মানুষের জানের নিরাপত্তা দিয়েছেন।
ঢাকা/এমটি






































