ডিএসই পরিচালক হাবিবুল্লাহ বাহার আর নেই
- আপডেট: ০৫:২০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২
- / ১০৩৯৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) হাবিবুল্লাহ বাহার ইন্তেকাল করেছেন। আজ মঙ্গলবার (০৯ আগষ্ট) সকালে ল্যাব এইড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে …………….. রাজেউন)৷
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর৷ তিনি গত ৪ আগষ্ট ব্রেন স্ট্রোক হলে ল্যাব এইড হাসপাতালে ভতি হন৷
তাঁর মৃত্যুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মোঃ ইউনুসুর রহমান পরিচালনা পর্ষদের পক্ষ থেকে এবং ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূইয়া ডিএসই’র ব্যবস্থাপনার পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন৷
হাবিবুল্লাহ বাহার ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক হিসেবে যোগদান করেন৷
হাবিবুল্লাহ বাহার ১৯৫৩ সালে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ (অনার্স) ও এমএ ডিগ্রি অর্জন করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের উইলিয়ামস কলেজ-এর সেন্টার ফর ডেভেলপমেন্ট ইকোনোমিক্স (সিডিই) থেকে এমএ ডিগ্রী এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, আরভাইন, থেকে ইকোনোমেট্রিক্স, টাইম সিরিজ এন্ড ফাইন্যান্সিয়াল এনালাইসিসে সার্টিফিকেট কোর্স অর্জন করেন। তিনি বাংলাদেশ ইকোনোমিক এসোসিয়েশনের আজীবন সদস্য। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, সুইজারল্যান্ড, কোরিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, ভুটান সহ বিশ্বের বিভিন্ন দেশে বেশ কয়েকটি প্রশিক্ষণ ও আর্ন্তজাতিক সেমিনারে অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় ব্যাংকের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে তিনি আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইউএনসিটিএডি (UNCTAD), ইউএন-ইএসসিএপি (UN-ESCAP) এবং অন্যান্য মিশনগুলোর সাথে বিভিন্ন বিষয়ে আলোচনায় বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
ঢাকা/এসএ



































