থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ছড়িয়ে পড়ছে সংঘাত, এ পর্যন্ত নিহত ৭
- আপডেট: ১০:১৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / ১০২৬৩ বার দেখা হয়েছে
চার মাস স্থিতাবস্থা চলার পর গত রোববার থেকে সীমান্ত এলাকায় ফের সংঘাত শুরু হয়েছে দক্ষিণপূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে। সংঘাতের দু’দিনে ইতোমধ্যে দু’দেশে নিহত হয়েছেন অন্তত ৭ জন।
নিহত এই ৭ জনের মধ্যে ৬ জন কম্বোডিয়ার একজন থাইল্যান্ডের। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সর্বশেষ সোমবার রাতে সীমান্ত এলকায় থাই বাহিনীর ছোড়া গোলায় নিহত হয়েছেন ২ জন বেসামরিক। এর ফলে সংঘাতের দু’দিনে মোট নিহত বেড়ে পৌঁছেছে ৬ জনে। আর থাইল্যান্ডে নিহত হওয়া ব্যক্তি দেশটির সেনাবাহিনীর সদস্য।
এদিকে বেসামরিক লোকজনের ওপর হামলার নিন্দা জানিয়ে সোমবার রাতে এক বিবৃতিতে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত বলেছেন, “থাইল্যান্ড সার্বভৌমত্ব পুনরুদ্ধারের নাটক সাজিয়ে কম্বোডিয়ার সাধারণ বেসামরিক গ্রামবাসীদের ওপর হামলা চলাচ্ছে। এটা গ্রহণযোগ্য নয়।”
এদিকে মঙ্গলবার সকালে এক বিবৃতিতে থাইল্যান্ডের নৌবাহিনীর জানিয়েছে, দেমটির উপকূলবর্তী ত্রাত প্রদেশের জলসীমায় কম্বোডিয়ার সেনা উপস্থিতি টের পেয়ে তাদের ধাওয়া দিয়েছে থাই নৌ সেনারা। এতে কম্বোডীয় বাহিনীর সদস্যরা পিছু হটতে বাধ্য হয়েছে।
আরও বলা হয়েছে, থাইল্যান্ডের স্থল ও জল সীমান্তে ভারী অস্ত্র এবং স্নাইপার শ্যুটার মোতায়েন করছে কম্বোডিয়া বাহিনী, সুরক্ষিত অবস্থান উন্নত করছে এবং স্থল সীমান্ত এলাকায় পরিখা খনন করছে।
“কম্বোডীয় প্রতিরক্ষা বাহিনীর এসব তৎপরতাকে আমরা থাইল্যান্ডের সার্বভৌমত্বের প্রতি সরাসরি এবং গুরুতর হুমকি হিসেবে বিবেচনা করছি,” বলা হয়েছে থাই নৌবাহিনীর বিবৃতিতে।
ঢাকা/এসএইচ




































