ফারইস্ট ফাইন্যান্সের এমডিসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের মামলা
- আপডেট: ০৭:৫৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
- / ১০৪১৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফারইস্ট ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের জন্য বিভিন্ন ব্যাংক থেকে নেওয়া ঋণের বিপরীতে আসা সুদের টাকা পরিশোধের বদলে তা উত্তলোন করে আত্মসাৎ ও পাচারের অভিযোগে আর্থিক প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শান্তনু সাহাসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধ মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
মঙ্গলবার সংস্থাটির উপ-পরিচালক আব্দুল মাজেদ বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। এর আগে চলতি মাসের ৬ এপ্রিল (বুধবার) কমিশনের কাছে মামলার বিষয়ে সুপারিশ করলে কমিশন তা আমলে নিয়ে মামলার অনুমতি দেয়।
মামলার আসামিরা হলেন: ফারইস্ট ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শান্তনু সাহা, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. হাফিজুর রহমান, সিনিয়ার অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নাজমুন নাহার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আহসানুল ইসলাম, সিনিয়র ম্যানেজার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হক চৌধুরী।
দুদকের অভিযোগে বলা হয়, ফারইস্ট ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিডেট কর্তৃক বিভিন্ন ব্যাংক হতে গৃহীত ঋণের সুদ পরিশোধ বাবদ ৬১ লাখ ২০ হাজার ১১ টাকা উত্তোলন করে আত্মসাতপূর্বক স্থানান্তর, পাচার, প্লেসমেন্ট ও লেয়ারিং এর মাধ্যমে অপরাধ সংঘটিত করেন আসামিরা।
এদিকে পরিচালকদের অনিয়ম ও দুর্নীতির কারণে গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছে না ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। একই কারণে ২০১৭ সাল থেকে পুঁজিবাজারের বিনিয়োগকারীদেরও কোনো লভ্যাংশ দিতে পারছে না।
প্রতিষ্ঠানটির অনিয়মের সঙ্গে জড়িত সাবেক ও বর্তমান কর্মকর্তারাও। এর ফলে ২০২১ সালের এপ্রিল মাসে কোম্পানিটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি প্রতিষ্ঠানটিতে ছয়জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে। পাশাপাশি ফারইস্টের আর্থিক হিসাবসহ অন্যান্য বিষয় যাচাইয়ের জন্য ঐ সময় বিশেষ নিরীক্ষারও সিদ্ধান্ত নিয়েছিল কমিশন।
ঢাকা/টিএ


































