বাংলাদেশের সামনে এবার হট ফেভারিট ভারত
- আপডেট: ০৫:৪৬:৩২ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
- / ১০৩৩৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদনঃ সাফ মিশনের যাত্রাটা জয়ে শুরু করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা অধ্যায়ের সমাপ্তি। এখন নতুন অধ্যায় সামনে এসেছে। চিরচেনা ও সাফের সবচেয়ে ফেভারিট ও শক্তিশালী দল ভারতের বিপক্ষে খেলতে নামবে লাল-সবুজরা। ভারতের সঙ্গে নামার আগে দলের অনেক জায়গায় ঢেলে সাজাতে হবে বাংলাদেশকে। জামাল ভূঁইয়া-সুনীল ছেত্রীদের ছাপিয়ে এই লড়াই যে দুই দেশের লাখো কোটি ভক্তেরও।
আগামীকাল সোমবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৫টায় মালদ্বীপের রাজধানী মালেতে লড়াইয়ে নামবে দুই দল। শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে সাফ শুরু করা বাংলাদেশ এখন রণপ্রস্তুতি নিচ্ছে ভারতবধের জন্য।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তবে র্যাংকিং আর পারফরম্যান্স সবকিছুতে অনেক এগিয়ে ভারত। ফিফার শীর্ষ র্যাংকিং তালিকায় বাংলাদেশ (১৮৯) ভারতের চেয়ে (১০৭) পিছিয়ে থাকলেও দেশটির বিপক্ষে সাম্প্রতিক পারফরম্যান্স বলছে ছেড়ে কথা বলবেন না জামাল-তপুরাও। সর্বশেষ মুখোমুখি পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে ড্র আর দুটিতে হার বাংলাদেশের। গত ৭ জুন বিশ্বকাপ বাছাইয়ে ২-০ গোলে হারের আগে টানা তিন ম্যাচ ভারতকে রুখে দিয়েছিল তারা।
এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ৩০ বার। জয়ের পাল্লা ভারতেরই ভারী। তাদের ১৬টি জয়ের বিপরীতে বাংলাদেশের জয় মাত্র ২টি। আর বাকি ১২ ম্যাচ ড্র। সাফে মুখোমুখি হয়েছে ৯টি ম্যাচে, তার মধ্যে ভারত জিতেছে ৫টি, বাংলাদেশের নেই একটিও জয়। ড্র হয়েছে ৪টিতে।
কাগজে-কলমে ভারত অন্যতম ফেভারিট। শুধু তাই নয়, সাফেও ফেভারিট ছেত্রীর দল। গতবার তারা রানার্স আপ হয়েছে, এবার নিশ্চয়ই চ্যাম্পিয়ন হওয়ার জন্যই লড়বে। এর মধ্যে ছেত্রী জানিয়ে দিয়েছেন সাফে প্রতিটি ম্যাচই তাদের জন্য যুদ্ধ!
বাংলাদেশও সাফে ভালো কিছু করার জন্য মরিয়া। নিয়মিত কোচকে ছুটি দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে অস্কার ব্রুজোনকে। তার অধীনে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ, এবার পালা ভারতবধের।
তাই প্রথম ম্যাচে জয়ের পরও রয়ে-সয়ে সময় কাটায়নি বাংলাদেশ। মাঠে কঠোর অনুশীলনের মধ্যে ঘাম ঝরাচ্ছেন লাল সবুজের প্রতিনিধিরা। সুখবর হলো জ্বরে আক্রান্ত সোহেল রানা ও রেজাউল করিম সুস্থ হয়েছেন। ইতোমধ্যেই মাঠে ফিরে অনুশীলনও করেছেন মাঝমাঠের অভিজ্ঞ খেলোয়াড় সোহেল, যা ব্রুজোনকে আরও স্বস্তি দেবে।
ঢাকা/এমটি









































