আপাতত আগামী মার্চে বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফরের কথা চিন্তা করে ক্যাম্প শুরু হলেও বাংলাদেশ টাইগার্সের কার্যক্রম চলবে সারা বছর ধরে। মাঝে ১৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগের পর মে মাস থেকে নতুন দল ঘোষণা করে প্রস্তুতি ক্যাম্প আয়োজনের কথা জানান কাজী ইনাম।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘প্রোগ্রামটি সারা বছর ধরেই চলবে। আপাতত আমরা দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের কথা ভেবে টেস্ট অধিনায়ক মুমিনুলের পরামর্শে বগুড়াকে ক্যাম্পের ভেন্যু হিসেবে বেছে নিয়েছি। পরে প্রিমিয়ার লিগ শেষ হলে মে মাস থেকে অফ সিজনে আমাদের কাজ চলবে।’
বহুল আলোচিত, বিসিবির চার কোটি টাকার প্রোগ্রাম বাংলাদেশ টাইগার্সের কার্যক্রম বাংলাদেশ ‘এ’ দল ও বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) দলের সঙ্গে সাংঘর্ষিক হবে কি না, এ নিয়ে শুরু থেকেই একটা ধোঁয়াশা ছিল।
কাজী ইনাম বিষয়টির ব্যাখ্যায় বলেছেন, ‘আমাদের এ দলটায় এইচপির ক্রিকেটার নেই। ঘরোয়া ক্রিকেটে সম্প্রতি যাঁরা ভালো করেছেন, তাঁরাই আছেন। আর ‘এ’ দলের সঙ্গে টাইগার্সের কোনো সম্পর্ক নেই।’
বাংলাদেশ টাইগার্স
মুমিনুল হক, ফজলে মাহমুদ রাব্বি, সাইফ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, ইমরুল কায়েস, পিনাক ঘোষ, এনামুল হক, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, সৈকত আলী, জাকির হাসান, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম, নাহিদুল ইসলাম, নাঈম হাসান, রুবেল হোসেন, আবু জায়েদ, খালেদ আহমেদ, আবু হায়দার, কামরুল ইসলাম, মেহেদী হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী।
ঢাকা/এমআর








































