ভিকারুননিসার অধ্যক্ষের পদত্যাগ দাবি
- আপডেট: ০২:২৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
- / ১০৩০৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: সরকারের নির্দেশনা অমান্য করে করোনাকালে টিউশন ফি আদায়সহ নানা অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহারের পদত্যাগ দাবি করেছেন অভিভাবকরা। আজ বুধবার (১৭ নভেম্বর) ঢাকা রিপোর্টাস ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে অভিভাবকদের পক্ষে আনিসুর রহমান আনিস এ দাবি করেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
লিখিত বক্তব্যে আনিসুর রহমান আনিস বলেন, ২০২০ সালের ১৮ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা আধিদপ্তর টিউশন ফি ছাড়া কোনো ফি ধার্য না করার নির্দেশ দেয়। ২০২০ সালে যাদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা হয়েছে তা ফেরত দিতে বা পরবর্তী বেতনের সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে। অথচ ২০২১ সালে তিন হাজার টাকা করে সেশন চার্জ আদায় করেছে সরকারি আদেশ অমান্য করে। তাই আমরা অধ্যক্ষের পদত্যাগ দাবি করছি।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ কামরুন নাহার বলেন, দীর্ঘদিন ধরে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ নিয়ে ষড়যন্ত্র চলছে। আজকের সংবাদ সম্মেলন এ ষড়য্ন্ত্রের অংশ।
সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগ সম্পকে জানতে চাইলে তিনি বলেন, এগুলো মিথ্যা ও বানোয়াট।
প্রসঙ্গত, পাঠদানের পাশাপাশি অন্যান্য কার্যক্রমের জন্য ভিকারুননিসা নুন স্কুল বিখ্যাত। স্কুলটির ছাত্রীদের অংশগ্রহণে এখানে বেশ অনেকগুলি ক্লাব বা সংঘ গড়ে তোলা হয়েছে যেগুলোতে পরিবেশ গবেষণা, বিজ্ঞানচর্চা, বিতর্ক ইত্যাদি কর্মকাণ্ড পরিচালনা করা হয়। এই ক্লাবগুলো স্কুলের অভ্যন্তরীণ সহ বিভিন্ন আন্তঃপ্রতিষ্ঠান প্রতিযোগিতা আয়োজন করে থাকে। ক্লাবগুলো অন্যান্য বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নিয়েও স্কুলের জন্য সম্মান বয়ে এনে থাকে।
ঢাকা/এমটি






































