রিজেন্ট টেক্সটাইলে তালা, শ্রম আইন না মানার অভিযোগ
- আপডেট: ০৭:১২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
- / ১০৪৫৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত রিজেন্ট টেক্সটাইলের কারখানার প্রধান ফটকে তালা লাগিয়ে দিনভর অবস্থান কর্মসূচি পালন করেছে কারখানার শ্রমিকরা। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প ও বোয়ালখালী থানা পুলিশের একাধিক টিম অবস্থান নেন। শনিবার (২১ আগস্ট) সকাল থেকে বিভিন্ন দাবি জানিয়ে প্রায় দেড় হাজার শ্রমিক এ কর্মবিরতি পালন করেন।
এ সময় শ্রমিকরা অভিযোগ করেন, কারখানায় শ্রম আইন অনুসরণ করা হয় না। সরকার নির্ধারিত নূন্যতম মজুরি ৮,৩০০ টাকা হলেও কারখানা কর্তৃপক্ষ বেতন দিচ্ছে ৬ হাজার টাকা। বার্ষিক বেতন বৃদ্ধির নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। এছাড়া ওভার টাইম ও মাসিক বেতন পরিশোধ করা হয় মাসের ২০ তারিখ। এসব অনিয়মের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে শ্রমিকদের চাকুরিচ্যুত করা হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
শ্রমিকরা আরও জানান, সকালে কাজে যোগ না দিয়ে এ কর্মবিরতি পালন করছেন তারা। তবে এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা হচ্ছে। দিনভর কর্মবিরতি পালন করলেও কারাখানা কর্তৃপক্ষ কোনো প্রকার আশ্বাস দেয়নি বলে জানান শ্রমিকরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার ও অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো. তারিক রহমান উপস্থিত হয়ে শ্রমিকদের দাবি দাওয়া সম্পর্কে কথা বলেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম।
তিনি বলেন, শ্রমিকদের কর্মবিরতি ও অবস্থান নেওয়ার খবর পেয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে পরিস্থিতি শান্ত রয়েছে। শ্রমিকদের দাবির বিষয়ে কারাখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে জানতে রিজেন্ট টেক্সটাইলের কোম্পানি সচিব রিয়াজুল হক শিকদারের মুঠোফোনে (০১৭….৪১৭) যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
তবে কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা অঞ্জন কুমার বিজনেস জার্নালকে জানান, এখানে একটু ভূল বোঝাবুঝি হয়েছে। আমাদের প্রধান ফটকে তালা ঝুলানো হয়নি, তবে শ্রমিকরা কর্মবিরতিতে গিয়েছিল।
এর কারণ জানতে চাইলে তিনি বলেন, গত জুলাই শেষে শ্রমিকদের ইনক্রিমেন্ট দেয়ার কথা ছিল। তবে আমাদের কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কোভিডে আক্রান্ত হওয়ায় সেটা বাড়ানো হয়নি। বরং আগের বেতন কাঠামো বহাল রাখা হয়েছে। যেহেতু এটা বোর্ডের বিষয় তাই সিদ্ধান্ত গ্রহণে একটু বিলম্ব হচ্ছিল। আর এতেই শ্রমিকরা বিভ্রান্ত হয়ে পড়েছে। তবে এ ইনক্রিমেন্টের বিষয়ে কোম্পানি কর্তৃপক্ষ কাজ করছে। শিগগিরই এর সমাধান হয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
ঢাকা/এনইউ
আরও পড়ুন:
- করোনায় ভ্রমণ কর আদায়ে ভয়াবহ ধস
- করোনায় একদিনে প্রাণ ঝরল আরও ১২০ জনের
- বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষে যেসব কোম্পানি
- সপ্তাহজুড়ে বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে ছিল যেসব শেয়ার
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
- সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে
- শেষ সপ্তাহে দাপট দেখাল যেসব খাত
- শাহজালালে ১০ কোটি টাকার উড়োজাহাজের ইঞ্জিন গায়েব
- ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা: চূড়ান্ত পর্যায়ে শুনানির প্রস্তুতি



































