সালতামামি- ২০২৫
বহুজাতিক কোম্পানিগুলোর বাজার মূলধন কমেছে ১৯ হাজার কোটি টাকা
- আপডেট: ০৬:১৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / ১০৩১০ বার দেখা হয়েছে
দেশের পুঁজিবাজার কয়েক বছর ধরেই বিনিয়োগকারীদের হতাশ করে আসছে। ২০২৫ সালেও এর ব্যতিক্রম ঘটেনি। আগের বছর অর্থাৎ ২০২৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানিগুলোর বাজার মূলধন বাড়লেও ২০২৫ সালে কমেছে। বছর শেষে এসব বহুজাতিক কোম্পানির সম্মিলিত বাজার মূলধন কমেছে ১৮ হাজার ৬৪৪ কোটি টাকা।
পুঁজিবাজারে ১৩টি বহুজাতিক কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ছাড়া ২০২৫ সালে বাকি কোম্পানিগুলোর বাজার মূলধন কমেছে। ২০২৪ সালে বহুজাতিক কোম্পানিগুলোর সম্মিলিত বাজার মূলধন ছিল ১১৩ হাজার ৩১৪ কোটি টাকা, ২০২৫ সালে তা কমে ৯৪ হাজার ৬৭০ কোটি টাকায় দাঁড়িয়েছে।
২০২৫ সালে সবচেয়ে বেশি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ৩২ দশমিক ৪ শতাংশ বাজার মূলধন কমেছে। বছর শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১৩ হাজার ৪২৪ কোটি টাকায়, ২০২৪ সালে যা ছিল ১৯ হাজার ৮৫০ কোটি টাকা। ২০২৫ সালে দ্বিতীয় সর্বোচ্চ লিন্ডে বাংলাদেশ লিমিটেডের বাজার মূলধন ২৬ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ১৪২ কোটি টাকায় দাঁড়িয়েছে, ২০২৪ সালে যা ছিল ১ হাজার ৫৫২ কোটি টাকা।
২০২৫ সাল শেষে তৃতীয় সর্বোচ্চ সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের বাজার মূলধন কমেছে ২৫ দশমিক ৪ শতাংশ। বছর শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৮৪৩ কোটি টাকায়. ২০২৪ সালে যা ছিল ১ হাজার ১২৯ কোটি টাকা। ২০২৫ সালে চতুর্থ সর্বোচ্চ রেকিট বেনকিজার বাংলাদেশ পিএলসির বাজার মূলধন ২১ দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৬১৮ কোটি টাকায় দাঁড়িয়েছে, ২০২৪ সালে যা ছিল ২ হাজার ৫৫ কোটি টাকা।
এছাড়া ২০২৫ সালে গ্রামীণফোন লিমিটেডের বাজার মূলধন ২০ দশমিক ২ শতাংশ কমে ৩৪ হাজার ৮২৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের বাজার মূলধন ১৯ দশমিক ৬ শতাংশ কমে ৬ হাজার ৭৯৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের বাজার মূলধন ১৫ দশমিক ৬ শতাংশ কমে ৪ হাজার ১৪৬ টাকায় দাঁড়িয়েছে।
আর ২০২৫ সাল শেষে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসির বাজার মূলধন ১৩ দশমিক ৪ শতাংশ, বাটা সু কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ১১ দশমিক ২, আরএকে সিরামিকস বাংলাদেশ লিমিটেডের ৩ দশমিক ১, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ পিএলসির ২ দশমিক ৪ ও রবি আজিয়াটা পিএলসির বাজার মূলধন দশমিক ৪ শতাংশ কমেছে।
অন্যদিকে ম্যারিকো বাংলাদেশের বাজার মূলধন ২০২৫ সালে ১৭ দশমিক ১ শতাংশ বেড়ে ৮ হাজার ৪২১ কোটি টাকায় দাঁড়িয়েছে, ২০২৪ সালে যা ছিল ৭ হাজার ১৯১ কোটি টাকা।
ঢাকা/এসএইচ


































