সেই হেলপারকে গ্রেফতারের ২৪ ঘন্টার আল্টিমেটাম ছাত্রীদের
- আপডেট: ০১:৩১:১৬ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
- / ১০২৯৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: রাজধানীর একটি বাসে অর্ধেক ভাড়া দিতে চাওয়ায় প্রকাশ্যে এক ছাত্রীকে অশ্লীল মন্তব্য ও ধর্ষণের হুমকি দেওয়া সেই হেলপারকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ছাত্রীরা। রোববার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে রাজধানীর বকশিবাজার মোড়ে সড়ক অবরোধ করেন কলেজটির শিক্ষার্থীরা। পরে অভিযুক্ত বাসের হেলপারকে গ্রেফতারসহ তিন দফা দাবি জানিয়ে দুপুর ১২টার দিকে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন তারা। তাদের দাবির মধ্যে রয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষণের হুমকি দেওয়া বাসের হেলপারের গ্রেফতার ও শাস্তি, বাসে নারী শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করা, সারা দেশে শিক্ষার্থীদের হাফপাস চালু করা।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
জানা গেছে, গতকাল শনিবার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক ছাত্রী ফেসবুকে বাস চালক ও হেলপারের কাছ থেকে ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগ করার ঘটনায় এই আন্দোলনের সূত্রপাত। তিনি অভিযোগ করেন, হাফ ভাড়া দিতে চাওয়ায় বাসের চালক ও হেলপার তার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেন। এই ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে কলেজটির শিক্ষার্থীরা রাজধানীর বকশী বাজার সড়ক অবরোধ করলে সেখানে ঢাকা কলেজের শিক্ষার্থীসহ সাত কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
অভিযোগকারী ওই ছাত্রী বলেন, শনিরআখড়া থেকে ঠিকানা পরিবহনের বাসে কলেজে আসার পথে ভাড়া নিয়ে হেলপারের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। এসময় হেলপার তার সঙ্গে খারাপ ভাষায় কথা বলেন। তিনি বলেন, পরে বাস থেকে নামার সময়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের হুমকি দেয় হেলপার। তিনি জানান, এই ঘটনায় তিনি মানসিকভাবে আঘাত পেয়েছেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, এ রুটের বাসগুলো হাফ ভাড়া দেওয়ায় ছাত্রীদের বাসে তোলে না। ছাত্রী দেখলে দরজা বন্ধ করে রাখে। হাফ ভাড়া দিতে চাইলেই বাসে হইহুল্লোড় করে বাস থেকে নামিয়ে দেয়। আমরা সুশৃঙ্খলভাবে বাসে চলাচল করতে চাই। এ দাবিতে আমরা সড়ক অবরোধ করেছি। তারা এইসব ঘটনার যথাযথ তদন্ত শেষে বিচার দাবি করেন। একইসঙ্গে বাস মালিকদেরকে কলেজে এসে ক্ষমা চাওয়ার দাবি জানান।
ঢাকা/এমটি







































