গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিতের দাবি ক্যাবের
- আপডেট: ০১:৫৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
- / ১০৫০৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: গণপরিবহনে হাফ ভাড়ার দাবিতে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে শিক্ষার্থীদের বিক্ষোভ, অবরোধ ও আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে অবিলম্বে এই দাবি মেনে শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের জন্য অর্ধেক ভাড়ার সুনির্দিষ্ট নীতিমালার দাবি জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
এক বিবৃতিতে ক্যাব’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, ২০১৫ সালের অক্টোবরে বিআরটিসি কার্যালয়ে বাস ডিপো ব্যবস্থাপকদের সঙ্গে এক বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, “আমি এই মুহূর্ত থেকে নির্দেশ দিচ্ছি, বিআরটিসির পাশাপাশি অন্যান্য পরিবহনেও শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেবে। আর না নিলে দায়ী পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ২০১৮ সালে গণপরিবহনে শৃঙ্খলা আনয়নে দেশব্যাপী শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার গণপরিবহন আইন সংশোধনসহ নানা উদ্যোগ গ্রহণ করলেও ভাড়া নৈরাজ্য বন্ধ হয়নি। অন্যদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে সরকার গণপরিবহনের ভাড়া পূনর্নির্ধারন করলেও গণপরিবহনের মালিক শ্রমিকরা সরকার নির্ধারিত ভাড়া আদায় না করে নিজেদের ইচ্ছামতো দ্বিগুণ ভাড়া আদায় করে গণপরিবহনে নৈরাজ্য সৃষ্টি করছে।
‘ভাড়া নির্ধারণের সময় গড় ৭০ শতাংশ যাত্রী পরিবহন দেখিয়ে ভাড়া আদায় দেখালেও কার্যত দ্বিগুণ যাত্রী পরিবহণের ঘটনা যেন স্বাভাবিক। ভাড়া নির্ধারণে অতিরিক্ত ও যৌক্তিক ব্যয় ও মাইলেজ এর বিভ্রান্তিকর তথ্য দেখিয়ে একচেটিয়া ভাড়া নির্ধারণ প্রক্রিয়াটিও ত্রুটিপূর্ণ,’ যোগ করেন তিনি।
বিবৃতিতে এস এম নাজের হোসাইন আরও বলেন, শিক্ষার্থীদের সঙ্গে প্রায় সময় গণপরিবহন শ্রমিকদের হাফ পাস বা হাফ ভাড়া নিয়ে বাকবিতণ্ডা চলমান। গণপরিবহন সংশ্লিষ্টরা বলেন, শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার নিয়ম অনুসারেই ভাড়া নিচ্ছেন চালকরা। কিন্তু বাস্তবে সেই চিত্রের কোনো ছিটেফোঁটাও নেই।
ঢাকা/আরপি







































