এখনও শতাধিক বাংলাদেশি ইউক্রেনে আটকা : পররাষ্ট্র সচিব
- আপডেট: ১১:৩৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
- / ১০৩১২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদকঃ যুদ্ধ পরিস্থিতির কারণে ইউক্রেনে আটকা পড়া ছয় শতাধিক বাংলাদেশি নাগরিক দেশটি থেকে পোল্যান্ড পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। দেশটিতে আরও শতাধিক বাংলাদেশি থাকতে পারে বলেও জানান তিনি। শুক্রবার (৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র সচিব।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
পররাষ্ট্র সচিব বলেন, ইউক্রেন থেকে সীমান্ত অতিক্রম করে পোল্যান্ড পৌঁছেছেন ৬ শতাধিক বাংলাদেশি। আর ইউক্রেনে ১০০ মতো বাংলাদেশি এখনও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মাসুদ বিন মোমেন বলেন, ইউক্রেনে যারা এখন আছেন, তাদের বেশির ভাগেরই ফ্যামিলি আছে। তারা হয়তো ইউক্রেন ছাড়বেন না।
এদিকে ইউক্রেন থেকে ভারতীয়দের পাশাপাশি এক বাংলাদেশিকে উদ্ধার করেছে ভারত। শুক্রবার সন্ধ্যায় নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী।
পররাষ্ট্র সচিব সাংবাদিকদের জানান, ইউক্রেনে কিছু পকেট আছে। সেখানে বাংলাদেশি থাকতে পারেন। আমরা সেখানকার ভারতীয় দূতাবাসকে অনুরোধ জানিয়েছি, ভারতীয়দের উদ্ধারের সময় যদি বাংলাদেশি সেখানে যদি থাকেন; তাহলে তাদেরও যেন সঙ্গে নেন।
ঢাকা/এমআর




































