করোনার বিরুদ্ধে জয় ঘোষণা করেছে কিম
- আপডেট: ১২:৫২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
- / ১০৩৪৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল ডেস্ক: করোনাভাইরাসের বিরুদ্ধে জয় ঘোষণা করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ বৃহস্পতিবার এ তথ্য জানায়। খবর আলজাজিরার। এদিকে এ মহামারির বিরুদ্ধে জয় ঘোষণার পর মে মাসে আরোপ করা বিধিনিষেধ প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। স্বাস্থ্যকর্মী ও বিজ্ঞানীদের সঙ্গে করা এক বৈঠকে কিম ঘোষণা দেন, ‘মারাত্মক মহামারি রোগের বিরুদ্ধে যুদ্ধে বিজয় অর্জন হয়েছে।’
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এদিকে তার বোন কিম ইও জং পিয়ংইয়ংয়ে হওয়া এ বৈঠকে অংশ নেন। এতে তিনি বক্তব্যও দেন। তার বক্তব্যে দেশটি করোনাভাইরাস ছড়ানোর জন্য দায়ী করেন দক্ষিণ কোরিয়াকে। সীমান্তে দক্ষিণ কোরিয়ার কর্মীদের ছুড়ে মারা পিয়ংইয়ংবিরোধী লিফলেটের কারণে এ মহামারি ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করা হচ্ছে।
ইও জং বলেন, আমাদের কঠোরভাবে এর মোকাবিলা করতে হবে। আমাদের হাতে ইতোমধ্যে বেশকিছু পাল্টা পরিকল্পনা রয়েছে এবং আমাদের পাল্টা ব্যবস্থা মারাত্মক প্রতিশোধমূলক হতে হবে।
২০২০ সালে মহামারি ছড়িয়ে পড়ার পর থেকেই সীমান্ত বন্ধ করে দেয় উত্তর কোরিয়া। এর পর চলতি বছরের মে মাসে দেশটি জানায়, তারা করোনার ওমিক্রন ধরনের বিরুদ্ধে লড়ছে এবং তা ঠেকাতে কঠোর বিধিনিষেধ আরোপ করে।
পিয়ংইয়ং বলছে, ২৯ জুলাইয়ের পর থেকে এ ভাইরাসে আক্রান্ত নতুন রোগী পাওয়া যায়নি।
সিউলের ইভা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিফ-এরিক ইজলি বলেন, করোনার বিরুদ্ধে কিম জং উনের বিষয় ঘোষণা মূলত একটি ইঙ্গিত। এর মাধ্যমে দেশটির নেতা চান তার অগ্রাধিকারের দিকে এগিয়ে যেতে। অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম—অর্থনীতি চাঙ্গা করা এবং পরমাণু অস্ত্রের পরীক্ষা। ২০১৭ সালে উত্তর কোরিয়া পরমাণু অস্ত্রের পরীক্ষা করেছিল।
২৬ মিলিয়ন মানুষের বসবাস উত্তর কোরিয়ায়। সেখানে করোনা ছড়িয়ে পড়ার সময় ৪৮ লাখ মানুষ ‘জ্বরে’ আক্রান্ত বলে জানানো হয়েছিল। করোনার কিটের অভাবে এর মধ্যে সামান্য কিছু করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন। দেশটিতে সরকারি হিসাব অনুযায়ী, ৭৪ জনের মৃত্যু হয়।
ঢাকা/এসএ







































