‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’ চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট: ০৪:০২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
- / ১০৩২৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার একসময় সারা দেশে ‘নো মাস্ক, নো সার্ভিস’ ব্যবস্থা চালু করেছিল। এখন এর পাশাপাশি ‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে করোনার নতুন ধরন ‘অমিক্রন’ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আয়োজিত এক সভায় এমন সিদ্ধান্ত হয়। পরে সভার সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা জানান।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আজ আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি ৬০ বছরের বেশি বয়স্কদের বুস্টার ডোজ দেওয়া হবে। এ পর্যন্ত ছয় কোটি লোককে সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে। চার কোটি লোক ডাবল ডোজ টিকা পেয়েছে। কমিউনিটি ক্লিনিক পর্যন্ত টিকা কার্যক্রম নিয়ে যাওয়া হয়েছে।
স্বাস্থমন্ত্রী জানান, ‘ইতোমধ্যে ১০ কোটি ডোজ টিকা দেয়া হয়ে গেছে। এরমধ্যে সিঙ্গেল ডোজ ৬ কোটির মতো, ডাবল ডোজ ৪ কোটির কাছাকাছি হয়ে গেছে। আমরা স্কুলের ছাত্র, বস্তিবাসী, সব পর্যায়ের লোকজনকে টিকা দেয়ার জন্য একেবারে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত গিয়েছি। ফাইজারের টিকাও আমরা বিভিন্ন জেলা উপজেলায় নিয়ে গেছি। তারপরও দেখা যায় অনেকে টিকা এখনও টিকা নেননি। আগে যে আগ্রহটা পেয়েছি টিকা নেয়ার সেই আগ্রহটা একটু কম।’
মন্ত্রী বলেন, ‘আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যেটা সবাই একমত হয়েছেন- আগে যেমন ‘নো মাস্ক, নো সার্ভিস’ ছিল ছিল, এখন আমরা বলতে চাচ্ছি ‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’। এটা আমাদের পরামর্শ রইল। এটা করতে পারলে আমাদের টিকা কার্যক্রমটা আরও বেগবান হবে, টিকা নেয়ার জন্য লোক এগিয়ে আসবে।’ কীভাবে এটা বাস্তবায়ন হবে- জানতে চাইলে মন্ত্রী বলেন, এখানে বসেই ‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’ স্লোগানটা তৈরি হয়েছে। আমরা এটা চিঠির মাধ্যমে সব মন্ত্রণালয়কে জানিয়ে দেব। তারা এটাকে যার যার মতো করে এনফোর্স করবে। টার্গেট লেভেলে আমরা ব্যবসায়িক সংস্থাকে জানিয়ে দেব। সরকারিভাবে সরকারি সংস্থাকে জানিয়ে দেব।’
ঢাকা/এমটি






































