বঙ্গোপসাগরে দুই ট্রলার ডুবে আট জেলে নিখোঁজ
- আপডেট: ১২:৫৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
- / ১০৩২৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর এলাকায় ২১ জেলে নিয়ে গভীর বঙ্গোপসাগরে দুটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় অন্য ট্রলারের মাধ্যমে ১৩ জেলে উদ্ধার হলেও এখনো আট জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেরা হলেন মো. রাসেল (৩৫), মো. মন্নান (৩৬), নজরুল (৪০), আব্দুর রহমান (৩৭), তসলিম (৩০), মো. ইসমাইল (৪০), জুয়েল (৩২)।
গতকাল মঙ্গলবার পটুয়াখালী জেলার পায়রা বন্দর বয়ার চর থেকে ২৫-৩০ কিলোমিটার পূর্বে ও ঢালচর সংলগ্ন বঙ্গোপসাগরের ২১ জেলে নিয়ে চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের কালাম মাঝি ও ইউসুফ মাঝির ট্রলার দুটি ডুবে যায়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ বুধবার (১০ আগস্ট) সকালে ঢলচর ইউপি চেয়ারম্যান আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করে জানান, ট্রলার দুটি প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে উল্টে যায়। এ সময় ইউসুফ মাঝিসহ কয়েকজন জেলেকে পার্শ্ববর্তী ট্রলার উদ্ধার করে। তবে নিখোঁজ অন্য জেলেদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। সাগর উত্তাল থাকায় সেখানে অন্য কোনো ট্রলার যাওয়া সম্ভব হচ্ছে না। নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্ট গার্ডসহ প্রশাসনের অন্যান্য সংস্থা কাজ করছে।
ডুবে যাওয়া ট্রলারের মালিক ইউসুফ মাঝির শ্যালক নেছার কাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৈরী আবহাওয়ায় সাগরে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে মঙ্গলবার বিকেলে পটুয়াখালী জেলার পায়রা বন্দর বয়া থেকে ৩০ থেকে ৩৫ কিলোমিটার পূর্বে গভীর বঙ্গোপসাগরের ১৩ জেলেসহ ইউসুফ মাঝির মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। এ সময় ইউসুফ মাঝিসহ পাঁচ জেলে উদ্ধার হলেও আটজন নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া জেলেরা পটুয়াখালী জেলার মহিপুর থানার একটি হাসপাতালে চিকিৎসাধীন। ট্রলারে থাকা জেলেরা প্রত্যেকেই চরফ্যাশন উপজেলার ঢালচর ও দক্ষিণ আইচা থানার মাইনকা ইউনিয়নের বাসিন্দা।
অন্যদিকে ঢালচরের জেলে আবুল হোসেন জানান, মঙ্গলবার সকালে ঢালচর সংলগ্ন বঙ্গোপসাগরের আট জেলে নিয়ে ঢালচরের কালাম মাঝির মাছ ধরার ট্রলার ডুবে যায়। এ সময় আট জেলেকেই অন্যান্য ট্রলারের মাধ্যমে জীবিত উদ্ধার করা হয়।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল নোমান ট্রলারডুবির ঘটনা নিশ্চিত করে জানান, নিখোঁজদের উদ্ধারে কোস্ট গার্ড ও স্থানীয়রা যৌথভাবে কাজ করছে। তবে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হচ্ছে বলেও জানান তিনি।
ঢাকা/এসএ






































