মাশরাফিকে দলের মেন্টর হিসেবে চান তামিম
- আপডেট: ০৪:৪৬:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
- / ১০৩৫০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের মেন্টর হিসেবে যোগ দিয়েছেন দলটির সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার যোগ দেওয়ায় ভারতীয় দলের শক্তি-সামর্থ্য দুটিই বেড়ে গেছে বলে মনে করেন ক্রিকেটবোদ্ধারা। ধোনির মেন্টর হিসেবে দলে যোগ দেওয়ায় বাংলাদেশেও দাবি উঠে মাশরাফি বিন মর্তুজাকে টাইগারদের মেন্টর হিসেবে বিশ্বকাপে পাঠানোর।
ভক্তদের দাবিই এবার সরাসরি তুললেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ২০২৩ সালের বিশ্বকাপে দেশের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে মেন্টর হিসেবে চান তিনি। তামিমের এমন প্রস্তাবে ‘না’ বলা কঠিন জানিয়ে দিয়েছেন মাশরাফিও। টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন একটি টকশো’তে নিজ আগ্রহের কথা জানিয়েছেন তামিম। মাশরাফিও জানিয়ে দিয়েছেন, দেশের জন্য যেকোনো দরকারে ‘না’ নেই তাঁর।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
অনুষ্ঠানে মাশরাফি বলেন , ‘সত্যি বলতে দেশের জন্য কোনো কিছুতে না করা আমার জন্য কঠিন। তবে মেন্টর এখন লাগবে বলে আমার কাছে মনে হয় না। এখন এটার দরকার নেই। তবে দেশের জন্য দরকার হলে আমার ক্ষেত্রে না বলা সত্যি কঠিন।’ জবাবে তামিম বলেন, ‘আমি যদি ২০২৩ বিশ্বকাপে অধিনায়ক থাকি, বোর্ড যদি রাজি থাকে, আপনি যদি রাজি হন তাহলে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে আপনাকে বাংলাদেশের মেন্টর হিসেবে চাই।’
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মেন্টর হিসেবে আছেন মহেন্দ্র সিং ধোনি। আইসিসির সবগুলো ট্রফিজয়ী ধোনিকে ডাগআউটে পেয়ে স্বাভাবিকভাবেই মাঠের লড়াইয়ে এগিয়ে থাকবে ভারত। ধোনিও এই দায়িত্বের জন্য কোনো পারিশ্রমিক নেবেন না বলে জানিয়ে দিয়েছেন। এমনকি নিউজিল্যান্ড দলের সঙ্গে মেন্টর হিসেবে কাজ করছেন দলটির ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক স্টিফেন ফ্লেমিং।
ঢাকা/এমটি








































