সড়ক দুর্ঘটনায় জুলাইয়ে সবচেয়ে বেশি ৭৩৯ মৃত্যু
- আপডেট: ০৬:১৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২
- / ১০৩৬৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ৪ হাজার ১৬৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন জুলাই মাসে।
দুর্ঘটনা নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনের দেওয়া তথ্যমতে, গত মাসে ৭৩৯ জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে দেশে ৬৩২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ২ হাজার ৪২ জন। নিহত ব্যক্তিদের মধ্যে ১০৯টি শিশু ও ১০৫ জন নারী রয়েছেন।
প্রতিষ্ঠানটি আরও জানায়, গত মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় ২৫১ জন নিহত হয়েছেন। শিক্ষার্থী নিহত হয়েছেন ১০৪ জন। এর মধ্যে শুধু রাজধানীতে জুলাই মাসে ৪১টি দুর্ঘটনায় ২৯ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছে। এ ছাড়া নৌ দুর্ঘটনায় ১৮ জন, রেলপথ দুর্ঘটনায় ৪১ জন নিহত হয়েছেন গত মাসে।
সংগঠনটি ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।
সম্প্রতি মোটরসাইকেল দুর্ঘটনা বেড়ে যাওয়ায় সরকার পবিত্র ঈদুল আজহার সময়ে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করে। এক জেলার নিবন্ধনকৃত মোটরসাইকেল আরেক জেলায় চলাচল করতে পারবে না বলে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে জরুরি ক্ষেত্রে পাস নিয়ে চলাচলের অনুমতি ছিল।
সরকারের এই পদক্ষেপের পরও জুলাই মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় মোটরসাইকেলচালক ও আরোহী নিহত মানুষের পরিমাণ সর্বোচ্চ ৩৩ দশমিক ৯৬ শতাংশ।
ঢাকা/এসএম






































