কৃষি ও পল্লি ঋণ মঞ্জুর-নবায়নে সিআইবি রিপোর্ট বাধ্যতামূলক
- আপডেট: ১০:৫৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
- / ১০৩৬৮ বার দেখা হয়েছে
কৃষি ও পল্লি ঋণের (এমএফআই লিংকেজ ব্যতীত) আওতাভুক্ত সব খাতে নতুন ঋণ মঞ্জুর বা বিদ্যমান ঋণ নবায়নের জন্য সিআইবি রিপোর্ট যাচাই করতে হবে। রবিবার (২৩ মার্চ) বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক জানায়, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবি রিপোর্ট যাচাই ব্যতীত ঋণ প্রদান করা হলে একজন গ্রাহক বিভিন্ন ব্যাংক থেকে সর্বোচ্চ আড়াই লাখ (২.৫০ লাখ) টাকা পরিমাণের একাধিক শস্য ও ফসল ঋণ গ্রহণ করলেও তা ঋণ প্রদানকারী ব্যাংকের পক্ষে জানা সম্ভব হচ্ছে না। এ প্রক্রিয়ায় খেলাপি ঋণ বৃদ্ধি পাওয়ার ঝুঁকি সৃষ্টি হচ্ছে। বর্তমানে সিআইবি প্রতিবেদন সংগ্রহ করা পূর্বের তুলনায় অনেক সহজ করা হয়েছে। ব্যাংক সমূহ বাংলাদেশ ব্যাংকের সিআইবি সার্ভার ব্যবহার করে দ্রুত ঋণ আবেদনকারীর সিআইবি রিপোর্ট সংগ্রহ করতে পারছে।
আরও পড়ুন: বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকলেও কর বৃদ্ধি করা হবে: এনবিআর চেয়ারম্যান
নির্দেশনায় বলা হয়, এখন থেকে কৃষি ও পল্লি ঋণের (এমএফআই লিংকেজ ব্যতীত) আওতাভুক্ত সব খাতে যেকোনো পরিমাণের নতুন ঋণ মঞ্জুরি বা বিদ্যমান ঋণ নবায়নের জন্য সিআইবি রিপোর্ট যাচাই করতে হবে। ২০২৪-২০২৫ অর্থবছরের কৃষি ও পল্লি ঋণ নীতিমালা ও কর্মসূচির আলোচ্য অনুচ্ছেদের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয় নির্দেশনায়।
ঢাকা/এসএইচ






































