নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে ব্যর্থ কোম্পানিগুলোকে বিএসইসির নির্দেশনা
- আপডেট: ০৬:৫০:২৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / ১০২১৮ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সুশাসন নিশ্চিত ও পর্ষদে লিঙ্গ সমতা আনার লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণে ব্যর্থ কোম্পানিগুলোকে নতুন সময়সীমা বেঁধে দিয়ে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রোববার (৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসি এ তথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত বুধবার (২৯ এপ্রিল) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাথে নির্ধারিত সময়ের মধ্যে কর্পোরেট গভর্নেন্স কোড, ২০১৮ অনুযায়ী তালিকাভুক্ত কোম্পানির পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ বাধ্যতামূলক। এ শর্ত পূরণে ব্যর্থ কোম্পানিগুলোর কোম্পানি সচিবদের সঙ্গে একটি সভা অনুষ্ঠিত হয়।
সভাটি রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিএসইসির নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। সভায় নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে ব্যর্থ বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উক্ত সভায় কর্পোরেট গভর্নেন্স কোড, ২০১৮ অনুযায়ী ব্যবসায়িক উদ্যোক্তা, ব্যবসায়িক সংগঠনের সদস্য, কর্পোরেট লীডার, সরকারী/বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারী চাকুরিজীবি (অবসরপ্রাপ্ত/চাকুরিরত), প্রফেশনাল ডিগ্রিধারী, হাইকোর্ট ডিভিশনে নিয়োজিত আইনজীবি পেশায় নিয়োজিত আছেন এমন নারীদেরকে তালিকাভুক্ত কোম্পানিসমূহের পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ সম্পন্ন করে কর্পোরেট গভর্নেন্স কোড, ২০১৮ পরিপালনের অনুরোধ করা হয় এবং আগামী ৩০ জুন ২০২৬ তারিখের মধ্যে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করা হয়। ৩০ জুন ২০২৬ এর পরে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের শর্ত পরিপালনে ব্যর্থ হলে কমিশন ব্যর্থ কোম্পানিসমূহের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে মর্মে সভায় বিশেষভাবে অবহিত করা হয়।
উল্লেখ্য, কমিশনের কর্পোরেট গভর্নেন্স কোড, ২০১৮ এর শর্ত নং ১(২) (এ) সংশোধনপূর্বক তালিকাভুক্ত কোম্পানিসমূহে একজন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ বাধ্যতামূলক করে ২৯ এপ্রিল ২০২৪ তারিখে গেজেট প্রকাশিত হয় এবং ০১ (এক) বছরের মধ্যে নিয়োগ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করা হয়।
পরবর্তীতে, কমিশনের সিদ্ধান্ত মোতাবেক তালিকাভুক্ত কোম্পানিসমূহে একজন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বর্ধিত করা হয়। কমিশনের চাহিদার প্রেক্ষিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি তালিকাভুক্ত কোম্পানিসমূহে একজন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের হালনাগাদ তথ্য কমিশনে দাখিল করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি কর্তৃক দাখিলকৃত তথ্য অনুযায়ী ১৬৩টি তালিকাভুক্ত কোম্পানি ইতোমধ্যে পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে এবং ১৩১টি তালিকাভুক্ত কোম্পানি নির্ধারিত সময়ের মধ্যে কর্পোরেট গভর্নেন্স কোড, ২০১৮ মোতাবেক পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের শর্ত পরিপালনে ব্যর্থ হয়েছে।
ঢাকা/এসএইচ
































