পাঞ্জাবে কংগ্রেস নেতাকে গুলি করে হত্যা
- আপডেট: ০৫:০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
- / ১০৩৪৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল ডেস্ক: ভারতে পাঞ্জাবী গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালাকে আট থেকে ১০ হামলাকারী ৩০ বারের বেশি গুলি করে। এরপর তারা তার কাছে গিয়ে পরীক্ষা করে দেখেন তিনি তখনো জীবিত আছেন কিনা। সোমবার সকালে পাঞ্জাব পুলিশের একটি সূত্র এই তথ্য জানিয়েছে।
এই ঘটনায় ছয় সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জনপ্রিয় র্যা পার-গায়ক সিধুর নিরাপত্তা কেন প্রত্যাহার করা হয়েছিল সে বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন। সোমবার এই খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
প্রসঙ্গত, শনিবার পাঞ্জাবের ৪২৪ জনের নিরাপত্তা প্রত্যাহার করা হয়। ওই ৪২৪ জনের মধ্যে সিধুও ছিলেন। ভিআইপি সংস্কৃতি রুখতে পাঞ্জাব সরকারের বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে তাদের নিরাপত্তা প্রত্যাহার করা হয়। আর নিরাপত্তা প্রত্যাহারের একদিন পরই এই হত্যার ঘটনা ঘটে।
এর আগে রোববার সকালে কংগ্রেস নেতা এবং পাঞ্জাবী গায়ক সিধুকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। পাঞ্জাবের মানসা জেলায় এই ঘটনাটি ঘটে। একই ঘটনায় তার দুই বন্ধু গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। সিধুর প্রকৃত নাম শুভদেব সিং সিধু। তবে তিনি সিধু মুসেওয়ালা নামে অধিক পরিচিত। ২৮ বছর বয়সী সিধু মানসার কাছের মুসেওয়ালা গ্রামের ছেলে। গত কয়েক বছরে তিনি বেশ কয়েকটি হিট গান উপহার দেন শ্রোতাদের।
এনডিটিভি জানায়, দুই বন্ধুর সঙ্গে জিপে করে সিধু জওহর কে গ্রামের দিকে যাওয়ার পথে এই হামলার শিকার হন। তার শরীর গুলিতে ঝাঁঝরা করে দেয় দুর্বৃত্তরা এবং এতে তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। গুলিবিদ্ধ হয়ে তিনি গাড়িতে নিজের আসনেই পড়েছিলেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল।
পুলিশ ঘটনাস্থল থেকে গুলি এবং একটি পিস্তল উদ্ধার করেছে। গুলি দেখে পুলিশ ধারণা করছে, রাশিয়ান এএন৯৪ রাইফেল দিয়ে সিধুর ওপর আক্রমণ চালানো হয়েছে।
এদিকে কানাডাভিত্তিক গ্যাংস্টার গোল্ডি ব্রার রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে সিধুকে হত্যার দায় স্বীকার করেছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা লরেন্স বিষ্ণুইর ঘনিষ্ট সহযোগী হিসেবে গোল্ডি ব্রার পরিচিত। সিধু হত্যায় লরেন্স বিষ্ণুইকে প্রধান সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে। অন্য একটি মামলায় তিনি এখন তিহার জেলে আছেন। তবে তার আইনজীবী এই অভিযোগ অস্বীকার করেছেন এবং প্রশ্ন তুলেছেন, জেলে থেকে কিভাবে এমন বড় একটি হত্যার ষড়যন্ত্রের পরিকল্পনা করা সম্ভব?
ঢাকা/এসএ







































