৬ মাসে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন হার ৬৬ শতাংশ
- আপডেট: ০৬:৫৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
- / ১০৩৪২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: চলতি বছরের ৬ মাসে (জানুয়ারি থেকে জুন) মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৬ দশমিক ১২ শতাংশ।
মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে ২০২২ সালের দ্বিতীয় ত্রৈমাসিক (এপ্রিল-জুন) প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সোমবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ প্রতিবেদন উপস্থাপন করা হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভা কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।
বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ১৪টি মন্ত্রিসভা বৈঠক হয়েছে, মোট সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১২১টি। সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে ৮০টি, সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে ৪১টি। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৬ দশমিক ১২ শতাংশ।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া তথ্যে দেখা গেছে, গত এপ্রিল থেকে জুন পর্যন্ত সাতটি মন্ত্রিসভা বৈঠক হয়। এতে সিদ্ধান্ত নেওয়া হয় ৬২টি। সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে ৪০টি। ২২টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৪ দশমিক ৫১ শতাংশ।
গত বছর একই সময়ে মন্ত্রিসভা বৈঠক হয় সাতটি, সিদ্ধান্ত নেওয়া হয় ৫৭টি। সিদ্ধান্ত বাস্তবায়ন হয় ৩৭টি, বাস্তবায়নাধীন সিদ্ধান্ত ২০টি। সিদ্ধান্ত বাস্তবায়নের হার প্রায় ৬৫ শতাংশ।
চলতি বছর এপ্রিল থেকে জুন পর্যন্ত মন্ত্রিসভা বৈঠকে চারটি নীতি বা কর্মকৌশল, চারটি চুক্তি বা প্রটোকল অনুমোদন হয়েছে। এ সময়ে সংসদে আইন পাস হয়েছে ১০টি। গত বছর একই সময়ে মন্ত্রিসভা বৈঠকে দুটি নীতি বা কর্মকৌশল, একটি চুক্তি বা প্রটোকল অনুমোদন হয়েছে। এ সময়ে সংসদে আইন পাস হয়েছে ৬টি।
করোনাভাইরাস মহামারির মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়ন হার সন্তোষজনক বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
ঢাকা/টিএ






































