আওয়ামী লীগের আয় বেড়েছে দ্বিগুণ
- আপডেট: ১২:৫৭:১৯ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২
- / ১০৪২৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ২০২০ সালের তুলনায় ২০২১ সালে আওয়ামী লীগের আয় দ্বিগুণেরও বেশি বেড়েছে। মনোনয়ন ফরম ও প্রাথমিক সদস্য সংগ্রহ ফরম বিক্রি বাড়ার কারণে আয় বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করেছে দলটি। তবে আয় বাড়লেও আগের বছরের তুলনায় ২০২১ সালে কমেছে ব্যয়।
২০২০ সালে আয়ের পরিমাণ ছিল ১০ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার ৫৩৩ টাকা। আর ২০২১ সালে দলটির আয় হয়েছে ২১ কোটি ২৩ লাখ ৪৬ হাজার ১০৬ টাকা। এক বছরে আয় বেড়েছে ১০ কোটি ৯০ লাখ ২ হাজার ৫৭৩ টাকা। অর্থাৎ, দ্বিগুণেরও বেশি আয় বেড়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
২০২১ সাল শেষে আওয়ামী লীগের ব্যাংকে স্থিতি ছিল ৭০ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ১৬৬ টাকা। এর আগের বছর (২০২০ সালে) শেষে স্থিতি ছিল ৫০ কোটি ৭৬ লাখ ৩৭ হাজার ১৯৪ ঢাকা।
আজ রোববার নির্বাচন কমিশনে জমা দেওয়া দলটির হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে। সকালে নির্বাচন কমিশনের সচিব হুমায়ূন কবীর খোন্দকারের কাছে আওয়ামী লীগের আয়-ব্যয়ের হিসাব জমা দেন দলটির কোষাধ্যক্ষ এইচ এম আশিকুর রহমান। আয়-ব্যয়ের হিসাবে মনোনয়ন ফরম বিক্রয়, প্রাথমিক সদস্য সংগ্রহ ফরম বিক্রয় ও সম্পত্তি হতে আয়কে আয়ের প্রধান খাত হিসেবে উল্লেখ করা হয়েছে।
২০২১ সালে মোট ব্যয় হয়েছে ৬ কোটি ৩০ লাখ ১৯ হাজার ৮৫২ টাকা। ২০২০ সালে ব্যয় ছিল ৯ কোটি ৯৪ লাখ ৪৯ হাজার ৯৩১ টাকা। সেই হিসেবে আগের বছরের তুলনায় ২০২১ সালে ৩ কোটি ৬৪ লাখ ৩০ হাজার ৭৯ টাকা ব্যয় কম হয়েছে।
ব্যয় কমার কারণ হিসেবে দলটি জানিয়েছে, ২০২০ সালে করোনাকালে দলীয় নেতাকর্মীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল। কিন্তু ২০২১ পঞ্জিকা বছরে নগদ অর্থ বিতরণের পরিমাণ কম ছিল।
ব্যয়ের প্রধান খাত হিসেবে উল্লেখ করা হয়েছে কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা, সংগঠন পরিচালন ব্যয়, অফিস ভাড়া এবং প্রচার ও প্রকাশনা।
২০২১ সালে আওয়ামী লীগের বছর শেষে উদ্বৃত্ত ছিল ১৪ কোটি ৯৩ লাখ ২৬ হাজার ২৫৪ টাকা। ২০২০ পঞ্জিকা বছরের তুলনায় এর পরিমাণ ১৪ কোটি ৫৪ লাখ ৩২ হাজার ৬৫৩ টাকা বেশি।
এর আগে গত ২৮ জুলাই আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দেয় বিএনপি। আগের দুই বছরের মতো ২০২১ সালেও আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে বিএনপির। ২০২১ সালে দলটি ৮৪ লাখ ১২ হাজার ৪৪৪ টাকা আয়ের বিপরীতে ব্যয় করেছে এক কোটি ৯৮ লাখ ৪৭ হাজার ১৭১ টাকা। আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে এক কোটি ১৪ লাখ ৩৪ হাজার ৭২৭ টাকা। দলটি আগের ব্যাংক স্থিতি থেকে মিটিয়েছে অতিরিক্ত ব্যয়।







































