গ্যাস বিক্রির ১৩,শ কোটির বেশি টাকা পাচ্ছে না তিতাস
- আপডেট: ১১:১৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২
- / ১০৩৮৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত তিতাস গ্যাস বিভিন্ন মামলাজনিত কারণে বকেয়া ১৩১৬ কোটি টাকা আদায় করতে পারছে না তিতাস। এর মধ্যে দুটি বাণিজ্যিক বিদ্যুৎকেন্দ্রের কাছেই পাবে ৭৭২ কোটি টাকা। বিদ্যুৎকেন্দ্র দুটি হলো- এভারেস্ট পাওয়ার ও ইউনাইটেড পাওয়ার বেসরকারি বিদ্যুৎকেন্দ্র দুটির মধ্যে ইউনাইটেড পাওয়ার শেয়ারবাজারে তালিকাভুক্ত। আর এভারেস্ট পাওয়ার মেঘনা গ্রুপের একটি প্রতিষ্ঠান।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তিতাস গ্যাস জানায়, ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত এই টাকা জমেছে। এর মধ্যে এভারেস্ট পাওয়ার কোম্পানির কাছে বকেয়া ৪১০ কোটি টাকা। আর ইউনাইটেড পাওয়ারে কাছে বকেয়া ৩৬২ কোটি টাকা।
বিদ্যুৎকেন্দ্র দুটির কাছ থেকে বকেয়া টাকা আদায় করতে গিয়ে উল্টো মামলায় জড়িয়ে গেছে সরকারি প্রতিষ্ঠান তিতাস গ্যস।
বিষয়টিকে ‘কিছুটা হাস্যকর’ বলছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। কমিশন বলছে, এই দুই বেসরকারি কোম্পানির দাবিই অযৌক্তিক।
কমিশনের মতে, কেউ যদি গ্রিড থেকে গ্যাস নিয়ে বিদ্যুৎ উৎপাদন করে সে নিজেই বিপণন করে তবে তাকে অবশ্যই বাণিজ্যিক বিদ্যুৎকেন্দ্র শ্রেণিতে যে দর আছে সেটাই পরিশোধ করতে হবে। কিন্তু ওই দুই কোম্পানি সাধারণ বিদ্যুৎকেন্দ্রে যে দরে গ্যাস ব্যবহার করা হয়, সে দামেই পরিশোধের দাবি করে আসছে।
জ্বালানি বিভাগ সূত্র জানায়, এভারেস্ট পাওয়ার এবং ইউনাইটেড পাওয়ারের কাছে ৭৭২ কোটি টাকার বকেয়া জমেছে। যা আদায় করতে পারছে না বিতরণ কোম্পানি তিতাস গ্যাস।
সম্প্রতি সরকারি কোম্পানির বকেয়া আদায় সংক্রান্ত এক বৈঠকে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশীদ মোল্লা বিষয়টি সামনে আনেন।
তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক বলেন, বণিজ্যিক হলেও ওই দুটি কেন্দ্র সাধারণ বিদ্যুৎকেন্দ্রের সমান দর পরিশোধ করতে চাচ্ছে।
বিদ্যুৎ উৎপাদনে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৪ টাকা ৪৫ পয়সা। কিন্তু বাণিজ্যিক শ্রেণিতে (ক্যাপটিভ পাওয়ার) কেউ উৎপাদন করলে তাকে প্রতি ঘনমিটার গ্যাসে ১৩ দশমিক ৮৫ টাকা করে পরিশোধ করতে হয়।
জ্বালানি বিভাগের সিনিয়র সচিব মাহবুব হোসেন বৈঠকে বলেন, দ্রুত মামলা নিষ্পত্তি করে বকেয়া আদায়ের উদ্যোগ নিতে হবে।
জ্বালানি বিভাগের এক কর্মকর্তা বলেন, কেউ বাণিজ্যিক বিদ্যুৎকেন্দ্রের জন্য গ্যাস নিলে তাকে সাধারণ দামে গ্যাস দেওয়া ঠিক নয়। এই সুবিধা একজনকে দিলে বাকিরাও চাইবে। সেক্ষেত্রে সরকারের হাজার কোটি টাকা লোকসান হবে।
তিনি আরও বলেন, বিদ্যুৎকেন্দ্রে কম দামে গ্যাস দেওয়ার একটি উদ্দেশ্য আছে। সরকার এর মধ্য দিয়ে শিল্পায়ন, কর্মসংস্থান বাড়াতে চায়। কিন্তু কেউ সেই দামে গ্যাস নিয়েতো ব্যবসা করতে পারে না।
ঢাকা/টিএ


































