জাইকা থেকে ৬০ কোটি ডলার বাজেট সহায়তার আশা পরিকল্পনামন্ত্রীর
- আপডেট: ০৩:১২:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
- / ১০৩৭০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ৬০ কোটি মার্কিন ডলার বাজেট সহায়তা দেবে বলে আশা করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মন্ত্রী বলেন, এটা আলোচনা পর্যায়ে আছে। এখনো চূড়ান্ত হয়নি। যেহেতু আমি সরকারের একটা দায়িত্বে আছি তাই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ে জাইকার আবাসিক প্রতিনিধি ইয়ো হায়াকাওয়া বিদায়ী সাক্ষাৎ শেষে মন্ত্রী এসব কথা বলেন। জাইকার নতুন আবাসিক প্রতিনিধি ইচিগুচি টমোহাইড এক সপ্তাহ আগে দেশে যোগদান করেছেন। তিনিও মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
বাজেট সাপোর্ট প্রসঙ্গে মন্ত্রী এম এ মান্নান বলেন, ‘সরকার বাজেট সহায়তা চেয়ে কিছু আভাস দিয়েছে। এটা প্রক্রিয়াধীন আছে, আগামীতে ইতিবাচক বলে মনে হয়েছে। তবে সকলের কিছু আইন কানুন আছে- এগুলো মেনেই কাজ করতে হবে। আমার বিশ্বাস সব প্রসেসিং হওয়ার পর বাজেট সাপোর্ট পাবো।
তিনি বলেন, পরিবেশটা অনেক ইতিবাচক। ৬০০ থেকে ৭০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা জাইকা আমাদের দেবে। তিনি আরো বলেন, আড়াইহাজারে জাপানি অর্থায়নে ইকোনোমিক জোন হচ্ছে- সেখানে কাজ করতে চায় জাইকা। এটা নিয়ে আলোচনা হচ্ছে। প্রকল্পটি দ্রুত সময়ে একনেক সভায় উঠবে। মাতারবাড়ি কয়লা বিদ্যুতে জাপান কাজ করছে।
মন্ত্রী বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আমরা আরো আগ্রহী। এই খাতে জাইকা কাজ করতে ইচ্ছুক। আমরা আমাদের নৌবন্দরগুলোতে আরো কাজ করতে চাই। অবকাঠামো খাতে জাইকা বেশি কাজ করতে চায়। রেল, সমুদ্র খাত নিয়ে কাজ করতে চায়।
আরও পড়ুন: উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুতি বাড়লেও কমেছে অর্থ ছাড়
ঢাকা/এসএ





































