দেশের ৫ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আপডেট: ০৩:০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- / ১০১৭৩ বার দেখা হয়েছে
দেশের ৫ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।রোববার (২১ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, অন্য এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সোমবার (২২ জুন) সকাল পর্যন্ত দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে। এ ধরনের আবহাওয়া পরিস্থিতি চলতি সপ্তাহজুড়ে অব্যাহত থাকতে পারে।
ঢাকা/আরএইচ


































