দেড়শো’তেও মিলছে না পাউন্ড
- আপডেট: ০৬:৫০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
- / ১০৮১০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: শুধু ডলার নয়, টাকার বিপরীতে ব্রিটিশ মুদ্রা পাউন্ডের দরও ছুটছে পাগলা ঘোড়ার মতো। খোলাবাজার বা কার্ব মার্কেট থেকে গতকাল বুধবার ১ পাউন্ডের বিপরীতে ১৫০ টাকা দিতে হয়েছে। ব্যাংকগুলো নিয়েছে ১২৫ থেকে ১৩০ টাকা।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তবে আন্তব্যাংক মুদ্রাবাজারে টাকা-পাউন্ডের বিনিময় হার ছিল ১১৪ টাকা ৩৯ পয়সা। বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলো যে দরে বিদেশি মুদ্রা লেনদেন করে তাকে আন্তব্যাংক রেট বা ব্যাংক রেট বলে। ব্যাংকগুলো এই দরের চেয়ে এক-দেড় টাকা বেশি দরে নিজেদের মধ্যে লেনদেন করে এবং গ্রাহকদের কাছে নগদ বিক্রি করে।
এ হিসাবে দেখা যাচ্ছে, কার্ব মার্কেটে ব্যাংক রেটের চেয়ে ৩৫ টাকা বেশি দামে পাউন্ড বিক্রি হচ্ছে। আর ব্যাংকগুলো ২৫ টাকা বেশি দরে নগদ পাউন্ড বিক্রি করছে। আন্তর্জাতিক মুদ্রাবাজারে বুধবার ডলার-পাউন্ডের বিনিময় হার ছিল ১ ডলার ২২ সেন্ট। অর্থাৎ ১ পাউন্ডের জন্য লেগেছে ১ ডলার ২২ সেন্ট।
নাম প্রকাশ না করার শর্তে খোলাবাজারের এক ব্যবসায়ী বিজনেস জার্নাল বলে, ‘শুধু ডলার নয়, পাউন্ডও পাওয়া যাচ্ছে না। এমন বাজার আগে কখনও দেখিনি।’ মানি এক্সচেঞ্জে নজরদারি, পুলিশের অভিযান, দামে কারসাজির অভিযোগে ছয়টি ব্যাংকের ট্রেজারি প্রধানকে সরিয়ে দেয়া- কোনো কিছুতেই কাজ হচ্ছে না। বেড়েই চলেছে ডলারের দর; কমছে টাকার মান।
পাগলা ঘোড়ার মতোই ছুটছে আন্তর্জাতিক লেনদেনে সবচেয়ে বেশি ব্যবহৃত যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের দাম। সংকটের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেয়া দরের চেয়ে ২৫ টাকা বেশিতে এখন ১২০ টাকায় খোলাবাজারে কিনতে হচ্ছে মুদ্রাটি। দেশের ইতিহাসে এর আগে এই ঘটনা কখনও ঘটেনি।
আমদানি ব্যয় বৃদ্ধির কারণে দেশে ডলারের তীব্র সংকট তৈরি হয়েছে। প্রতিনিয়ত বাড়ছে ডলারের দাম। এ জন্য রিজার্ভ থেকে ডলার ছেড়ে বাজার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিনিয়ত দামও বাড়াচ্ছে। তারপরও সংকট কাটছে না।
ডলারের দৌড় থামাতে রিজার্ভ থেকে ডলার বিক্রি করে চলেছে বাংলাদেশ ব্যাংক। তারপরও কমছে না মুদ্রাটির তেজিভাব, কাটছে না সংকট। ডলারের বাজারে অস্থিরতা চলছে কয়েক মাস ধরে। বেড়েই চলেছে বিশ্বের সবচেয়ে শক্তিধর এই মুদ্রার দর। কমছে টাকার মান। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য ঘেঁটে দেখা যায়, দুই মাসের ব্যবধানে ডলারের বিপরীতে টাকার মান কমেছে ৭ শতাংশের মতো; আর এক বছরে কমেছে ১২ শতাংশের বেশি।
বাজারে ‘স্থিতিশীলতা’আনতে গত ২০২১-২২ অর্থবছরের ধারাবাহিকতায় ১ জুলাই থেকে শুরু হওয়া ২০২২-২৩ অর্থবছরের ১ মাস ৮ দিনে (১ জুলাই থেকে ৮ আগস্ট) বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ থেকে ১৫০ কোটি (দেড় বিলিয়ন) ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এ হিসাবে এই ১ মাস ৮ দিনে গড়ে প্রতিদিন ৪ কোটি ডলার বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে কখনোই এত কম সময়ে ব্যাংকগুলোর কাছে এত বেশি ডলার বিক্রি করেনি কেন্দ্রীয় ব্যাংক। গত ২০২১-২২ অর্থবছরের পুরো সময়ে ৭ দশমিক ৬৭ বিলিয়ন ডলার বিক্রি করেছিল বাংলাদেশ ব্যাংক।
অথচ প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এবং রপ্তানি আয়ে উল্লম্ফন ও আমদানি ব্যয় কমায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় ২০২০-২১ অর্থবছরে বাজার থেকে প্রায় ৮ বিলিয়ন ডলার কিনেছিল কেন্দ্রীয় ব্যাংক।
ঢাকা/এসএ






































