নূরানী ডাইংয়ের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
- আপডেট: ০৯:২১:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
- / ১০৩৫১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি নূরানী ডাইং অ্যান্ড সোয়েটারের বিরুদ্ধে আইপিওর টাকা আত্মসাৎ এবং আর্থিক প্রতিবেদনে প্রতারণামূলক ভুল তথ্য উপস্থাপন করার প্রমাণ পেয়েছে ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই)। উক্ত অভিযোগ তদন্তে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন (বিএসইসি) কমিটি গঠন করেছে।
সোমবার (৯ মে) ঢাকা স্টক একচেঞ্জ ও নূরানী ডাইং অ্যান্ড সোয়েটারের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ সংক্রান্ত চিঠি ইস্যু করা হয়েছে বলে জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
নূরানী ডাইং অ্যান্ড সোয়েটারের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন কমিশনে জমা দিতে বলা হয়েছে।
বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, ডিএসই সম্প্রতি কোম্পানিটির আইপিওয়ের টাকা ব্যবহার নিয়ে তদন্ত কমিটি গঠন করে। সে কমিটি আইপিওর টাকা আত্মসাতের প্রমাণ পায়। আইপিওর টাকা আত্মসাতের পাশাপাশি আর্থিক প্রতিবেদনে প্রতারণামূলক ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে। আর্থিক প্রতিবেদনে বিক্রি করা মালামালের মিথ্যা, অসত্য, বানোয়াট তথ্য প্রকাশ করা হয়েছে। ডিএসইর এমন তথ্যের ভিত্তিতে কমিশন দ্রুত তদন্তের সিদ্ধান্ত নেয়। কমিটিকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।


































