ব্যাংকটির শীর্ষ ২০ গ্রাহকের মধ্যে অন্যতম হলো মায়শা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, নাসা গ্রুপ, সাদ মুসা, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এফএমসি ডকইয়ার্ড, প্রাণ-আরএফএল, ব্লুম সাকসেস ইন্টারন্যাশনাল, ব্রডওয়ে রিয়েল এস্টেট। ব্লুম সাকসেস ইন্টারন্যাশনাল হলো একটি গ্রুপের বেনামি ঋণ। আর আগে এস আলম গ্রুপ ছিল শীর্ষ ঋণগ্রহীতা। এস আলম গ্রুপের সব সুদ মওকুফ করায় আসল টাকা ফেরত দিয়েছে গ্রুপটি।
জানা গেছে, গত বছরের ৩০ ডিসেম্বর ঋণ কার্যক্রম খুলে দেওয়ার পর ব্যাংকটি ফু-ওয়াং সিরামিক ও এসএস স্টিলকে ৮০০ কোটি টাকা ঋণসুবিধা দেয়। দুটি প্রতিষ্ঠানই এক ব্যক্তির মালিকানাধীন। এই প্রতিষ্ঠানসংশ্লিষ্ট সালেহ স্টিলকে দেড় শ কোটি টাকা অর্থায়নের সিদ্ধান্ত নেয় পরিচালনা পর্ষদ। তবে কেন্দ্রীয় ব্যাংক এই ঋণ প্রস্তাব আটকে দেয়। এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যাংকটির একজন পরিচালকের সখ্য রয়েছে। এ কারণে অল্প সময়ে বড় অঙ্কের অর্থায়ন করা হয়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক প্রথমে ব্যাংকটিকে সতর্ক করে। ব্যাংকটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের ডেকে সভা করে। এরপরও একই ধরনের কার্যক্রম অব্যাহত থাকায় ঋণ কার্যক্রম বন্ধের নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক।
বেনামি ঋণ ঠেকাতে গত বছরের ৩ মে ঋণ বন্ধের পাশাপাশি সব মিলিয়ে ছয় ধরনের শর্ত আরোপ করা হয়েছিল। ফলে আমানত সংগ্রহ, ঋণ আদায় ছাড়া ব্যাংকটির আর কোনো কার্যক্রম ছিল না। এতে উল্লেখযোগ্য পরিমাণ আমানত পায় ব্যাংকটি। ফলে ব্যাংকটির আমানত পরিস্থিতির উন্নতি ঘটে।
গত এপ্রিল শেষে ব্যাংকটির আমানত দাঁড়িয়েছে ৪৪ হাজার ৮৬৮ কোটি টাকা ও ঋণ ছিল ৩৯ হাজার ৯৭৭ কোটি টাকা। বিদায়ী বছরে ব্যাংকটি ৩৮ কোটি টাকা নিট মুনাফা করেছে। এ জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে নানা ছাড় নিতে হয়। এই কারণে গত বছরের জন্য শেয়ারধারীদের কোনো ডিভিডেন্ড দেয়নি ব্যাংকটি। অথচ ন্যাশনাল ব্যাংক একসময় দেশের পুরো ব্যাংক খাতের শীর্ষ তিন মুনাফা অর্জনকারী ব্যাংকের একটি ছিল।
২০০৯ সালে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিচালনা পর্ষদেরও বদল হয় ন্যাশনাল ব্যাংকের। ব্যাংকটির কর্তৃত্ব তখনই চলে যায় সিকদার গ্রুপের চেয়ারম্যান জয়নুল হক সিকদারের কাছে। এর পর থেকেই প্রথম প্রজন্মের এ ব্যাংকের আর্থিক স্বাস্থ্য খারাপ হতে শুরু করে। ব্যাংকটির চেয়ারম্যান জয়নুল হক সিকদার গত বছরের ১০ ফেব্রুয়ারি মারা যান। গত বছরের ২৪ ফেব্রুয়ারি নতুন চেয়ারম্যানের দায়িত্ব নেন তাঁর স্ত্রী মনোয়ারা সিকদার।
ঢাকা/টিএ


































