পুঁজিবাজারে মার্জিন সংস্কার: শৃঙ্খলা, সুরক্ষা নাকি অতিরিক্ত কঠোরতা?
- আপডেট: ১১:৩৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / ১০১৯৩ বার দেখা হয়েছে
বাংলাদেশের পুঁজিবাজার দীর্ঘদিন ধরেই একটি জটিল বাস্তবতার মধ্য দিয়ে অতিক্রম করছে, যেখানে বিনিয়োগের চেয়ে অনেক ক্ষেত্রে জল্পনা-কল্পনা, স্বল্পমেয়াদি লাভের লোভ এবং অতিরিক্ত মার্জিন নির্ভরতা বাজারের আচরণকে প্রভাবিত করেছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রস্তাবিত ‘মার্জিন বিধিমালা, ২০২৫’-এর সংশোধিত খসড়া শুধু একটি নিয়ম পরিবর্তনের উদ্যোগ নয়, বরং এটি বাজারের কাঠামো, বিনিয়োগ সংস্কৃতি এবং ঝুঁকি ব্যবস্থাপনার দর্শনে একটি মৌলিক পরিবর্তনের ইঙ্গিত বহন করে। এই উদ্যোগের গভীরে গেলে বোঝা যায়, নিয়ন্ত্রক সংস্থা মূলত একটি দীর্ঘমেয়াদি স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব বাজার গড়ে তুলতে চায়, যেখানে অযৌক্তিক লিভারেজ বা অতিরিক্ত ঝুঁকিনির্ভর বিনিয়োগের সুযোগ ধীরে ধীরে সীমিত হয়ে আসবে।
খসড়া বিধিমালার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো- এটি বাজারে ঝুঁকি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। অতীতে দেখা গেছে, অনেক বিনিয়োগকারী নিজেদের মূলধনের তুলনায় অতিরিক্ত মার্জিন ঋণ নিয়ে বড় আকারে বিনিয়োগ করেছেন, যা বাজারে কৃত্রিম চাহিদা সৃষ্টি করেছে এবং দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে তুলেছে। কিন্তু বাজারে সামান্য নেতিবাচক প্রবণতা দেখা দিলেই সেই একই মার্জিন ঋণ ‘বুমেরাং’ হয়ে ফিরে এসেছে, যার ফলে বাধ্যতামূলক শেয়ার বিক্রি (forced sell) শুরু হয়ে বাজারে বড় ধরনের ধস নেমেছে। নতুন বিধিমালায় ১:১ অনুপাত নির্ধারণ করে এই অতিরিক্ত লিভারেজের পথ কার্যত বন্ধ করার চেষ্টা করা হয়েছে। এর ফলে বিনিয়োগকারীরা নিজেদের সামর্থ্যের বাইরে গিয়ে ঝুঁকি নিতে পারবেন না, যা দীর্ঘমেয়াদে বাজারকে স্থিতিশীল করবে।
এখানে ৭০ শতাংশ মেইনটেন্যান্স মার্জিন এবং ৫০ শতাংশের নিচে নেমে গেলে কোনো নোটিশ ছাড়াই শেয়ার বিক্রির বিধানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি শর্ত একসঙ্গে বাজারে একটি শক্তিশালী ‘রিস্ক কন্ট্রোল মেকানিজম’ তৈরি করবে। তবে বাস্তবতা হলো, এই নিয়ম যতোটা সুরক্ষার জন্য প্রণীত, ততোটাই এটি আতঙ্কের কারণও হতে পারে- বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য। কারণ, বাজারে হঠাৎ দরপতনের সময় যদি একযোগে অনেক অ্যাকাউন্টে ইক্যুইটি ৫০ শতাংশের নিচে নেমে যায়, তাহলে ব্যাপক আকারে শেয়ার বিক্রির চাপ তৈরি হতে পারে, যা সাময়িকভাবে বাজারকে আরও অস্থির করে তুলতে পারে। তবে এই ঝুঁকির বিপরীতে একটি বড় ইতিবাচক দিক হলো- এটি দীর্ঘমেয়াদে বাজারে বড় ধরনের ধস বা সিস্টেমিক ক্রাইসিস প্রতিরোধ করতে সক্ষম হবে।
মার্জিনযোগ্য শেয়ার নির্বাচন সংক্রান্ত নতুন শর্তগুলোও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পিই অনুপাত ৩০-এর বেশি বা ইপিএস ঋণাত্মক এমন কোম্পানির শেয়ারে মার্জিন ঋণ না দেওয়ার সিদ্ধান্তটি সরাসরি বাজারে অতিমূল্যায়িত বা দুর্বল মৌলভিত্তির কোম্পানিগুলোর ওপর চাপ সৃষ্টি করবে। অতীতে বহুবার দেখা গেছে, দুর্বল কোম্পানির শেয়ার মার্জিন ঋণের মাধ্যমে কৃত্রিমভাবে বাড়ানো হয়েছে এবং পরে তা ভেঙে পড়ে বিনিয়োগকারীদের বড় ক্ষতির কারণ হয়েছে। নতুন বিধিমালা সেই পথ অনেকাংশে বন্ধ করে দিচ্ছে। এর ফলে বাজার ধীরে ধীরে ‘গুজব নির্ভর’ থেকে ‘ফান্ডামেন্টাল নির্ভর’ বাজারে রূপ নিতে পারে, যা একটি সুস্থ পুঁজিবাজারের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
একই সঙ্গে পিবি অনুপাতের সীমা নির্ধারণ, বিশেষ করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে, বাজারে একটি নতুন ধরনের শৃঙ্খলা আনবে। কারণ, এসব প্রতিষ্ঠানের মূল্যায়ন সাধারণ কোম্পানির মতো শুধুমাত্র আয়ের ওপর নির্ভর করে না, বরং তাদের সম্পদের মান এবং বুক ভ্যালুর ওপরও নির্ভরশীল। এই বাস্তবতাকে বিবেচনায় এনে আলাদা মানদণ্ড নির্ধারণ করা হয়েছে, যা নীতিনির্ধারকদের গভীর বিশ্লেষণ ও বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন।
প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে এই খসড়া বিধিমালার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। পৃথক ব্যাংক হিসাব বাধ্যতামূলক করা, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি গঠন, গবেষণা দলের স্বাধীনতা নিশ্চিত করা- এসব পদক্ষেপ সরাসরি বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াবে। অতীতে অনেক ক্ষেত্রে দেখা গেছে, একই প্রতিষ্ঠানের ট্রেডিং স্বার্থ এবং গবেষণা কার্যক্রমের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, যার ফলে বিনিয়োগকারীরা সঠিক তথ্য থেকে বঞ্চিত হয়েছেন। নতুন বিধিমালায় গবেষণা বিভাগকে ট্রেডিং কমিশনের প্রভাবমুক্ত রাখার যে নির্দেশনা দেওয়া হয়েছে, তা বিনিয়োগকারীদের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে।
এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো- একক শেয়ারে বিনিয়োগের সীমা ২০ শতাংশ নির্ধারণ। এই নিয়মটি বাজারে অতিরিক্ত কেন্দ্রীভূত বিনিয়োগ (concentration risk) কমাতে সহায়তা করবে। অতীতে অনেক প্রতিষ্ঠান একটি বা দুটি শেয়ারে অতিরিক্ত বিনিয়োগ করে বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়েছে। নতুন বিধিমালা সেই ঝুঁকি কমিয়ে একটি বহুমুখী বিনিয়োগ সংস্কৃতি গড়ে তুলতে সাহায্য করবে।
মার্জিন হিসাব সংক্রান্ত নিয়মগুলোও বিনিয়োগকারীদের জন্য নতুন বাস্তবতা তৈরি করবে। একজন গ্রাহক একটি ক্যাশ ও একটি মার্জিন হিসাবের বেশি পরিচালনা করতে পারবেন না- এই বিধানটি একদিকে যেমন হিসাবের স্বচ্ছতা বাড়াবে, অন্যদিকে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে অতিরিক্ত লিভারেজ নেওয়ার সুযোগ কমিয়ে দেবে। একই সঙ্গে ন্যূনতম তিন লাখ টাকার বিনিয়োগ শর্তটি অনেক ক্ষুদ্র বিনিয়োগকারীকে মার্জিন সুবিধার বাইরে নিয়ে যেতে পারে, যা স্বল্পমেয়াদে বাজারে লেনদেন কমিয়ে দিতে পারে। তবে দীর্ঘমেয়াদে এটি বাজারকে একটি ‘পরিণত বিনিয়োগকারীর বাজারে’ রূপান্তর করতে সহায়তা করবে।
শরিয়াহভিত্তিক মার্জিন অর্থায়নের সুযোগ অন্তর্ভুক্ত করা এই বিধিমালার একটি ইতিবাচক দিক, যা বাংলাদেশের একটি বড় অংশের বিনিয়োগকারীদের জন্য নতুন দরজা খুলে দিতে পারে। তবে এর সঠিক বাস্তবায়নের জন্য শক্তিশালী শরিয়াহ তদারকি কাঠামো নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
সামগ্রিকভাবে এই খসড়া বিধিমালাকে একটি ‘কঠোর কিন্তু প্রয়োজনীয়’ সংস্কার হিসেবে বিবেচনা করা যায়। এটি স্বল্পমেয়াদে কিছু চ্যালেঞ্জ তৈরি করবে- বিশেষ করে লিকুইডিটি সংকট, লেনদেন হ্রাস এবং বাজারে সাময়িক অস্থিরতা দেখা দিতে পারে। অনেক বিনিয়োগকারী যারা মার্জিনের ওপর অতিরিক্ত নির্ভরশীল ছিলেন, তারা নতুন বাস্তবতায় নিজেদের খাপ খাওয়াতে সময় নেবেন। তবে দীর্ঘমেয়াদে এই বিধিমালা বাজারকে আরও স্থিতিশীল, স্বচ্ছ এবং বিনিয়োগবান্ধব করে তুলতে সক্ষম হবে।
এই প্রেক্ষাপটে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের নতুন চেয়ারম্যান মাসুদ খান এবং নবনিযুক্ত কমিশনারদের উদ্যোগকে ইতিবাচক দৃষ্টিতে দেখার যথেষ্ট কারণ রয়েছে। কারণ তারা এমন একটি সময়ে কঠোর সিদ্ধান্ত নিচ্ছেন, যখন বাজারে জনপ্রিয়তা অর্জনের জন্য সহজ পথ বেছে নেওয়া সম্ভব ছিল। কিন্তু তারা সেই পথ না বেছে দীর্ঘমেয়াদে বাজারের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন, যা একটি দায়িত্বশীল নিয়ন্ত্রক সংস্থার লক্ষণ।
সবশেষে বলা যায়, এই বিধিমালার সফলতা নির্ভর করবে এর বাস্তবায়নের ওপর। যদি এটি সঠিকভাবে প্রয়োগ করা যায়, বিনিয়োগকারীদের যথাযথ শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি করা যায় এবং প্রয়োজনে বাস্তবতার আলোকে নমনীয়তা দেখানো হয়, তাহলে এটি বাংলাদেশের পুঁজিবাজারের জন্য একটি নতুন যুগের সূচনা করতে পারে। অন্যথায়, অতিরিক্ত কঠোরতা বাজারে অপ্রত্যাশিত চাপ সৃষ্টি করতে পারে। তাই এখন প্রয়োজন একটি ভারসাম্যপূর্ণ বাস্তবায়ন, যেখানে শৃঙ্খলা ও প্রবৃদ্ধি- দুইয়ের মধ্যে একটি কার্যকর সমন্বয় নিশ্চিত করা হবে।
লেখক: হাসান কবির জনি
প্রকাশক ও সম্পাদক
বিজনেস জার্নাল

































