প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে এনআরবিসি ব্যাংকের অনুদান
- আপডেট: ১১:৩৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
- / ১০২৯৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এনআরবিসি ব্যাংক প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে বাস্তবায়িত আশ্রয়ণ প্রকল্প-২ এ অনুদান দিয়েছে।
সোমবার (২৩ মে) ব্যাংকের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের পরিচালক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানের কাছে এক কোটি টাকার অনুদানের চেক তুলে দেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে এই অনুদান দেওয়া হয়। আশ্রয়ণ-২ প্রকল্প, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ একটি সরকারি প্রকল্প, যার মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন এবং যার জমি আছে ঘর নেই এমন পরিবারের জন্য বাসস্থান নির্মাণ করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি তৎকালীন নোয়াখালী বর্তমান লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরপোড়াগাছা গ্রামে ভূমিহীন-গৃহহীন, অসহায় ছিন্নমূল মানুষের পুনর্বাসন কার্যক্রম শুরু হয়। মুজিবশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গত বছর আশ্রয়ণ প্রকল্প-২ উদ্বোধন করেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বেসরকারি খাতের এনআরবিসি ব্যাংক গ্রাম-বাংলার উন্নয়নে কাজ করছে। গ্রামে কর্মসংস্থান ও প্রান্তিক মানুষের ভাগ্যোন্নয়নে এনআরবিসি ব্যাংক চালু করেছে ক্ষুদ্রঋণ প্রকল্প। সর্বস্তরের জনগণের মাঝে ব্যাংকিং সেবা পৌছে দিতে শাখা-উপশাখাসহ এক হাজারের বেশি স্থানে সেবা দিচ্ছে এনআরবিসি ব্যাংক।
ঢাকা/টিএ



































