প্রেস কাউন্সিলের নতুন চেয়ারম্যান নিজামুল হক
- আপডেট: ০২:৫৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১
- / ১০৩৭২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদকঃ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. নিজামুল হককে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। ‘দ্য প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪’ অনুযায়ী এ নিয়োগ দিয়ে সোমবার (১১ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘দ্য প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪’ এর সেকশন ৪(২) এবং সেকশন ৫(১) অনুযায়ী অবসরপ্রাপ্ত বিচারপতি মো. নিজামুল হককে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে বাংলাদেশ প্রেস কাউন্সিসের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মমতাজ উদ্দিন আহমদ সর্বশেষ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রথমে ২০১৪ সালের ৪ আগস্ট চুক্তিতে তিন বছরের জন্য চেয়ারম্যান নিয়োগ পেয়েছিলেন মমতাজ উদ্দিন। পরে তার চুক্তির মেয়াদ আরও বাড়ানো হয়। সর্বশেষ গত আগস্টে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে মমতাজ উদ্দিনের মেয়াদ শেষ হয়।
উল্লেখ্য, বাংলাদেশ প্রেস কাউন্সিল হল বাংলাদেশের একটি আধা বিচারবিভাগীয় সংস্থা, যা বাংলাদেশ প্রেস কাউন্সিল আইনের অধীন বাংলাদেশের সংবাদপত্র নিয়ন্ত্রণ ও বাক স্বাধীনতা রক্ষা করে। এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত।
বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ সালে পাশ হলেও ১৯৭৯ সালের ১৮ আগস্ট বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রতিষ্ঠিত হয়। ২০১৬ সালে বাংলাদেশ আইন কমিশন সুপারিশ করেছে যে প্রেস কাউন্সিলকে সাময়িকভাবে কোন সংবাদপত্র বন্ধ করার ক্ষমতা দেওয়া হবে। সংবাদপত্র ও সংবাদ সংস্থার মান বজায় রাখার ও সংশোধন, সংবাদপত্রের স্বাধীনতা সংরক্ষণ ও সুরক্ষার উদ্দেশ্যে বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রতিষ্ঠা করা হয়।
ঢাকা/এমটি






































