সাকিবের মা, ছেলে ও মেয়ে হাসপাতালে
- আপডেট: ১১:৩৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
- / ১০৪১৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকা সফরে থাকা সাকিব আল হাসানের তিন সন্তান, মা শিরিন আক্তার এবং শাশুড়ি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। মা ও শাশুড়ির অবস্থা কিছুটা সংকটপন্ন, তবে সন্তানরা মোটামুটি ভালোই আছেন। সাকিবের পারিবারিক সূত্রে বিষয়টি জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সাকিবের মা শিরিন রেজা আক্তার হার্টের রোগী। নিয়মিত চেক আপে থাকছেন তিনি। অবস্থা কিছুটা খারাপ হওয়াতে তাকে কিছুদিন আগে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চলছে তার চিকিৎসা। তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হলেও এখনো স্বাভাবিক হতে পারেননি।
সাকিবের মেজো মেয়ে ইরাম হাসান ও একমাত্র ছেলে আইযাহ আল হাসান নিউমোনিয়ায় আক্রান্ত। তারাও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া বড় মেয়ে আলাইনা হাসান ঠাণ্ডা জ্বরে ভুগছে। তাদের নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানা গেছে। তবে সাকিবের শাশুড়ির অবস্থা বেশ খারাপ। এমনিতেই ক্যান্সারে আক্রান্ত তিনি। সাকিবের শাশুড়ি ভর্তি আছেন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। ওখানেই তার চিকিৎসা চলছে।
শারীরিক ও মানসিকভাবে অবসাদগ্রস্ত থাকায় দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চাননি সাকিব। এক সপ্তাহ পর নানা নাটক শেষে সাকিব ঠিকই ধরেন দক্ষিণ আফ্রিকার বিমান। দলের সঙ্গে যোগ দিয়ে সাকিব বেশ প্রাণবন্ত হয়ে উঠেন। দক্ষিণ আফ্রিকায় প্রথম ওয়ানডেতে দারুণ জয় পায় বাংলাদেশ। সাকিব ছিলেন সেই জয়ের নায়ক। তবে দ্বিতীয় ওয়ানডে বাজে গেছে তার। ব্যাটিংয়ে রানের খাতা খুলতে পারেননি। বল হাতে পেয়েছেন একটি উইকেট।









































