কর ব্যবস্থা আরও ব্যবহারবান্ধব করতে কাজ করছে সরকার: এনবিআর চেয়ারম্যান
- আপডেট: ০৭:২৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / ১০২৩৯ বার দেখা হয়েছে
দেশের কর ব্যবস্থাকে আরও ব্যবহারবান্ধব করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড-এর চেয়ারম্যান আবদুর রহমান খান।
রোববার (২৬ এপ্রিল) ২০২৬–২৭ অর্থবছরের বাজেট সামনে রেখে দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।
ঢাকাস্থ আইসিএমএবির রুহুল কুদ্দুস অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান বলেন, আমরা সবসময় গঠনমূলক প্রস্তাবনা ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। কর ব্যবস্থাকে আরও সহজ করতে সরকার অতিরিক্ত পরিশোধিত কর ফেরতের প্রক্রিয়া উন্নত করছে। পাশাপাশি করদাতাদের অংশগ্রহণ বাড়াতে ই-ট্যাক্স রিটার্ন সিস্টেমের সঙ্গে ব্যাংক হিসাবের তথ্য সংযুক্ত করার উদ্যোগ নিয়েছে।
এতে স্বাগত বক্তব্য রাখনে আইসিএমএবির সেমিনার ও কনফারেন্স কমিটির চেয়ারম্যান ও সাবেক সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ। তিনি অর্থনৈতিক নীতি প্রণয়নে সমন্বিত আলোচনার ওপর গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে কর ও ভ্যাট সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন। কর নীতির সংস্কার নিয়ে আলোচনা করেন এনবিআরের সাবেক সদস্য (কর) রঞ্জন কুমার ভৌমিক। প্রস্তাবিত ভ্যাট সংস্কার ও অব্যাহতি বিষয়ে আলোচনা করেন এনবিআরের প্রথম সচিব (ভ্যাট নীতি ও ভ্যাট অব্যাহতি) মশিউর রহমান। ট্যাক্স ভেরিফিকেশন সিস্টেমসহ অন্য গুরুত্বপূর্ণ কর ও ভ্যাট সংক্রান্ত বিষয়গুলোর ওপর আলোচনা করেন এমএম অ্যান্ড কোং-এর সিইও মো. মহিমন।
আইসিএমএবি সভাপতি কাওসার আলম বলেন, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিনির্ভর বাজেট পেতে দেশের কর-জিডিপির অনুপাত বৃদ্ধি, করের পরিধি সম্প্রসারণ, আর্থিক খাতে স্থিতিশীলতা নিশ্চিত এবং দেশি-বিদেশি বিনিয়োগের জন্য আরও অনুকূল পরিবেশ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ঢাকা/এসএইচ



































