বন্ড ছেড়ে এক হাজার কোটি টাকা তুলবে ব্যাংক এশিয়া
- আপডেট: ০৫:৪৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / ১০১৭৩ বার দেখা হয়েছে
শেয়ারবাজার থেকে দীর্ঘমেয়াদি অর্থ সংগ্রহে এবার ১ হাজার কোটি টাকার গ্রিন সাসটেইনেবল সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক এশিয়া পিএলসি। মূলধন ভিত্তি শক্তিশালী করার পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই খাতে অর্থায়নের লক্ষ্যেই এই বন্ড আনা হচ্ছে বলে জানিয়েছে ব্যাংকটি।
বৃহস্পতিবার (৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে এই তথ্য জানা গেছে। এর আগে বুধবার (৬ মে) অনুষ্ঠিত ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদের ৫৮৪তম সভায় হাজার কোটি টাকার গ্রিন সাসটেইনেবল সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
ব্যাংক এশিয়া জানিয়েছে, প্রস্তাবিত গ্রিন সাসটেইনেবল সাব-অর্ডিনেটেড বন্ডটির আকার হবে ১ হাজার কোটি টাকা। এটি হবে নন-কনভার্টিবল, আনসিকিউরড, সম্পূর্ণ রিডিমেবল এবং কুপনভিত্তিক ফ্লোটিং রেটের বন্ড। বন্ডটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ৭ বছর। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এটি ইস্যু করা হবে।
ব্যাংকটি আরো জানিয়েছে, বন্ড থেকে সংগৃহীত অর্থ মূলত ব্যাংকের টিয়ার-২ মূলধন শক্তিশালী করতে ব্যবহার করা হবে। একইসঙ্গে পরিবেশবান্ধব ও টেকসই বিভিন্ন প্রকল্পে অর্থায়নেও এ অর্থ ব্যয় করা হবে। বিশেষ করে বাসেল-৩ নীতিমালার আলোকে নিয়ন্ত্রক মূলধনের সক্ষমতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ঢাকা/এআর































